ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও এ প্রজন্মের নায়িকা পূজা চেরি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। সিনেমার নাম ‘গলুই’। নির্মাণ করেছেন এস এ হক অলিক। ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশজুড়ে।
কিন্তু এই সময়টাতে শাকিব খান দেশে নেই। তিনি অবস্থান করছেন সুদূর যুক্তরাষ্ট্রে। সিনেমার প্রচারে তাই সশরীরে অংশ নিতে পারছেন না। বিষয়টি নিয়ে কী ভাবছেন ‘গলুই’-এর নায়িকা কিংবা পরিচালক?
শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর যমুনা ফিউচার পার্কে বিশ্বরঙ-এর শোরুমে একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেন নির্মাতা অলিক ও পূজা চেরিসহ সিনেমাটির সংশ্লিষ্টরা।
সেখানেই পূজা চেরি বলেন, ‘এই সময়টাতে অবশ্যই শাকিবকে মিস করছি। যদি পাশে নায়ক থাকে, তাহলে বেশি ভালো লাগে। তারপরও তিনি ওখান থেকে সাপোর্ট দিচ্ছেন। সবকিছুর খোঁজখবর রাখছেন।’
শাকিব প্রচারণায় না থাকার ফলে সিনেমার কোনো ক্ষতি হচ্ছে কিনা, এ প্রসঙ্গে নির্মাতা অলিক বলেন, “ক্ষতি হচ্ছে না। এটা বলতে পারি, লাভটা কম হচ্ছে। শাকিব থাকলে সশরীরে দারুণ প্রচারণা হতো। আর ক্ষতি হচ্ছে না কারণ, ‘গলুই’ নিয়ে ফেসবুকে যেভাবে প্রচার করছেন, আগের কোনো সিনেমা নিয়ে কিন্তু সে এতোটা করেনি।”
