ঈদ মানে খুশি, ঈদ মানেই উচ্ছ্বাস। ঈদের আনন্দ বহুগুণে বেড়ে যায় যখন আমরা বাড়িতে ফিরি। অধীর আগ্রহে বসে থাকা প্রিয় মানুষগুলোকে দেখি।
ঈদের সময়টা পরিবারের সঙ্গে কাটানোর মতো প্রশান্তি অন্য কিছুতে পাওয়া যায় না। এই অনুভূতি কেবল নিজের নয়, সবার।
ঢাকাই সিনেমার সফল অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তবে বেড়ে উঠেছেন ঢাকায়। এখন নানা ব্যস্ততায় গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ না পেলেও ছোটবেলায় প্রায়ই ঈদ করতে বাড়ি যেতেন নায়িকা।
তিনি জানালেন, ‘ঈদে বাড়ি ফেরার আনন্দ তো দারুন। সে আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়।’
ছোটবেলার ঈদের স্মৃতিচারণ করে পূর্ণিমা বলেন, ‘ছোটদের জন্যই ঈদের আনন্দ। ছোটবেলায় ঈদের চাঁদ দেখার জন্য ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। চাঁদের দেখা মিললেই মনে খুশির ফুল ফুটত। চাঁদরাতেই ডিজাইন করে মেহেদি দিতাম।’
নায়িকা যোগ করেন, ‘নতুন জামাকাপড় লুকিয়ে রাখতাম, যাতে বোন বা বান্ধবীরা দেখতে না পায়। ঈদের দিন সকালে ওই জামা পরে সবাইকে তাক লাগিয়ে দিতাম। মধুর ছিল সেসব দিন।’
