বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ঈদ সামনে রেখে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গাড়ির চাপ প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে কড্ডার মোড় ও ঝাঐল ওভার ব্রিজ হয়ে প্রায় নলকা মোড় পর্যন্ত ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে এ যানজট সৃষ্টি হয়। তবে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, ঈদে ঘরফেরা মানুষ বহনকারী যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সকাল থেকেই মহাসড়কে কখনো ধীরগতি আবার কখনো থেমে থেমে যানজট দেখা দিয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, গাড়ির প্রচুর চাপ থাকায় নলকা সেতুর পূর্ব পাশে যানজট রয়েছে। তবে নলকা মোড় থেকে হাইওয়ে থানার আওতার কোনো এলাকায় এখনো কোনো যানজটের সৃষ্টি হয়নি। পাচলিয়া এলাকায় একটি ছোট দুর্ঘটনার জন্য সকালে কিছুক্ষণ যান চলাচলে সমস্যা ছিল। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে বলে জানান তিনি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এজন্য মহাসড়কের কিছু পয়েন্টে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছিল। মহাসড়কের পাচলিয়া, ঝাঐল ওভারব্রিজ, মফিজমোড় ও কোনাবাড়ি এলাকায় মহাসড়ক কিছুটা সরু হওয়ায় শুক্রবার সকাল থেকেই পশ্চিম সংযোগ মহাসড়কের সেতু গোলচত্বর এলাকা থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *