চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর কোল আলো করে এসেছে পুত্রসন্তান। মঙ্গলবার বেলা তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের সন্তানের জন্ম হয়েছে।
এ সময় সিয়ামসহ দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন। গতকাল রাতে হাসপাতালে ভর্তি হন অবন্তী।
বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম নিজেই। উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘আমি বাবা হয়েছি। এর চাইতে আর ভালো লাগা কী হতে পারে। দুই পরিবারের সবাই খুশি আমরা।’
তিনি জানান, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। দু-একদিনের মধ্যই তাদের নিয়ে বাসায় ফিরবেন নায়ক। পুত্রের নাম এখন চূড়ান্ত করা হয়নি বলে জানালেন তিনি।
এদিকে বিষয়টি নিয়ে সিয়ামের নতুন ছবি ‘শান’র অন্যতম প্রযোজক ওয়াহিদ আকাশ বলেন, ‘সবকিছু স্বাভাবিক আছে। সন্তানের ওজনসহ সবকিছু ঠিকঠাক। সিয়াম সবার কাছে দোয়া চেয়েছেন।’
২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে ঘরের বধূ করেন নায়ক সিয়াম আহমেদ। আর গত বছরের ডিসেম্বরে বেবিবাম্পের ছবি প্রকাশ করে সন্তানের আগমনের সুসংবাদটি তিনি দেন। অতঃপর তাদের ঘরে এলো নতুন অতিথি।
উল্লেখ্য, ২০১৮ সালে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে সিয়ামের বড় পর্দায় অভিষেক ঘটে তার। গত ২৪ ডিসেম্বর সবশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। এছাড়া আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘শান’ চলচ্চিত্র।
