মনিরা মিঠু। অভিনয়ের পথচলায় দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় অতিক্রম করেছেন তিনি। ভিন্ন ধরণের চরিত্রে নিজেকে প্রকাশিত করে ধীরে ধীরে শোবিজ অঙ্গনে আলাদা একটি অবস্থান তৈরি করে নিয়েছেন এই তারকা। একজন জাত অভিনেত্রী যাকে বলে, তা তিনি পরিণত করেছেন দক্ষতার মাপকাঠিতে।
মনিরা মিঠুকে নাটকের গল্পে বেশির ভাগ গুরুত্বপূর্ণ সহ-অভিনেত্রী হিসেবেই দেখা যায়। কখনো মা, কখনো মুক্তিযোদ্ধা, কখনো প্রতিবাদী নারীসহ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে অনেক আগেই জায়গা করে নিয়েছেন মনিরা মিঠু।
তবে প্রায়ই তাঁকে শুনতে হয়, আপনাকে নায়িকা চরিত্রে দেখতে চাই। সেই ভক্তদের জন্য এবার সুখবর দিলেন মনিরা মিঠু।
সেই সুযোগ পেয়ে মনিরা মিঠু ভক্তদের উদ্দেশে ফেসবুকে লিখেছেন, ‘অনেক কথা জমে ছিল, শুধু এইটুকু না বললেই না! আমার ভক্ত যাঁরা আমাকে “নায়িকা” চরিত্রে দেখতে চাইতেন, তাঁদের জন্য সুখবর। এই নাটকে আমি “নায়িকা” আবার “মা”-এর চরিত্রে অভিনয় করেছি।’ নাটকে তাঁর সহ-অভিনেতা চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটির নাম ‘নয়া লায়লা, নয়া মজনু’। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সহকারী পরিচালক সোহাগ রানা।
মনিরা মিঠু কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘সুযোগটির জন্য কৃতজ্ঞতা জানাই পরিচালক, প্রযোজক, রাজের সিনেমাওয়ালা টিমের প্রত্যেক সদস্যকে। আর হ্যাঁ, আমার নায়িকা হওয়ার বয়স নেই। দর্শক, আমার ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’





