আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রতীক্ষায় থাকা সিনেমা ‘গলুই’। শাকিব খান-পূজা চেরি জুটির প্রথম সিনেমা এটি। সোমবার (২৫ এপ্রিল) রাতে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। যেখানে গুরুত্ব পেয়েছে প্রেম ও রহস্য।
সিনেমায় শাকিব খান লালু ও পূজা অভিনয় করেছেন মালা চরিত্রে। লালু গ্রামের নিম্ন আয়ের মানুষ আর মালা প্রভাবশালী পরিবারের মেয়ে।
৩ মিনিট ৫ সেকেন্ডের ট্রেলারে পাওয়া ঘটনা প্রবাহে দেখা যায় কীভাবে লালু ও মালা এগিয়ে যায় সম্পর্কের দিকে। আবার সেই ভালোবাসা ভেঙে যেতেও দেখা যায়।
লালু ও মালা কি একে-ওপরকে নিজের করে পাবে? নাকি ভিন্ন দুটি পথে হাঁটতে হবে তাদের, জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পর্যন্ত।
২০২০-২১ অর্থ বছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এটি শাকিব খান অভিনীত প্রথম অনুদানের সিনেমা। এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবন উপজীব্য করে সিনেমাটি নির্মিত হয়েছে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল সদরঘাট এলাকায় এর শুটিং হয়েছে।
‘গলুই’তে শাকিব-পূজা ছাড়াও অভিনয় করছেন আলীরাজ, সুচরিতা, আজিজুল হাকিম ও সমু চৌধুরীসহ অনেকে। গানে কণ্ঠ দিয়েছেন হাবিব, কণা ও ইমরান।
