চিত্রনায়িকাসহ বেশ কয়েকজনের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেও আপাতত নিজেকে ‘সিঙ্গেল’ বলে দাবি করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, চিত্রনায়ক জায়েদ খান।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রেম-বিয়ে নিয়ে অকপটে নানা কথা বলেছেন এ চিত্রনায়ক; সাক্ষাৎকারে তিনি বলেছেন, এখন বিয়ের পরিকল্পনা মাথায় এসেছে তার।
জায়েদ খান কবে বিয়ে করবে? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘বিয়ের পরিকল্পনা এখন মাথায় এসেছে। আমার বাবা-মা নেই। আগে বাবা-মায়ের কাছে মুখ লুকাতাম। এখন মনে হয়, একজন মানুষ দরকার যে সারাদিন পর খবর নিবে। তবে অবশ্যই সেই মানুষটাকে স্বচ্ছ হতে হবে। তার জীবনের সবকিছু আমার কাছে খোলা কাগজের মতো থাকতে হবে। আমারটাও। মহান আল্লাহ নিশ্চয় আমাকে এমন একজন মেলাবে।’
সিনেমায় আসার পর জায়েদ খান কয়টা প্রেম করেছেন- এমন প্রশ্নের জবাবে নায়কের ভাষ্য, ‘তালিকা এত দীর্ঘ নয়। অনেকেই প্লেবয় মনে করে। যে নায়িকার সঙ্গে একটু ভালো সম্পর্ক তার সঙ্গেই প্রেম বানিয়ে দেয়। আমি এত প্রেমিক না। আমি আসলে ১-২টা প্রেম করেছি।’
তিনি যোগ করেন, ‘প্রেমটা আপেক্ষিক। প্রেম থাকবেই যুগে যুগে। প্রেম না থাকলে তো সে মানুষ না। তবে বিভিন্ন স্বার্থের দ্বন্দ্বে প্রেম ভেঙে যায়।’
পপির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে জায়েদ খান বলেন, ‘পপির সঙ্গে প্রেম হয়েছে একথা আমি কোথাও বলিনি। আমরা খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিলো। সে আমাকে যাই বলুক তার প্রতি আমার শ্রদ্ধা এখনও আছে। সে যেখানেই থাকুক ভালো থাকুক।
তিনি বলেন, নির্বাচনের আগমুহূর্তে সে যেসব অভিযোগ এনেছে, সেগুলো মানুষ তাকে দিয়ে করিয়েছে। দুই বছর ধরে উনি গায়েব। অথচ নির্বাচনের আগেই কেন অভিযোগ করলেন? ভেবেছিলাম সে ভোট দিতে আসলে তার কাছে ভোটটা চাইবো। কিন্তু সে ভোট দিতেও আসেনি। আমি শুনেছি সে বিয়ে করেছে, সন্তানের মা হয়েছে। তার জন্য সবসময় আমার শুভকামনা। সে ভালো থাকলেই আমার ভালো লাগে।’
