কাল থেকে বিদায় নেবে ঝড়-বৃষ্টি, নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

আজ বিকেলে ঝড়-বৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কাল থেকে এক সপ্তাহ দেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৩ এপ্রিল) অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘কাল থেকে সারাদেশে বৃষ্টি কমে যাবে। তবে আজ বিকেলে বা সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। সাধারণত এখন মেঘটা তৈরি হয় বিকেলের পরে।’

‘এখন পর্যন্ত আমাদের পূর্বাভাসে বলা হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে বেশি বৃষ্টি হবে। তবে অন্যান্য বিভাগেও হালকা-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন শুধু বৃষ্টি না, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবে। এখন বৃষ্টি হলেই বাতাস থাকবে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে আগামীকাল থেকে পুরোদমে তাপমাত্রা বেড়ে যাবে।

এই আবহাওয়াবিদ জানান, আগামীকাল থেকে ২৯/৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা শুষ্ক থাকবে। মাসের শেষের দিকে আবারও ঝড়-বৃষ্টি শুরু হবে।

উল্লেখ্য, শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *