শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা, দুইদিন পর খুলছে নিউ মার্কেট

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে পরপর দুদিন বন্ধ ছিল রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট। সবপক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে নিউ মার্কেটের বিপণিবিতানগুলো খুলে দেওয়া হবে— এমনটি জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

বৃহস্পতিবার (২০) গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয়েছে বলেও জানান নেহাল আহমেদ। বৈঠকে নিউ মার্কেট দোকানমালিক সমিতি ও বাংলাদেশ দোকানমালিক সমিতির নেতৃবৃন্দ, ঢাকা কলেজের শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা কলেজের পাশে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক নেহাল আহমেদ। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নিউ মার্কেটসহ এর আশপাশের সব দোকানপাট খুলে দেওয়া হবে। আর ছাত্রদের ছুটি ও হলে থাকার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

এর আগে ঢাকা কলেজের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের বিষয়টি চূড়ান্ত মীমাংসার জন্য রাত সাড়ে ১২টার দিকে ওই রুদ্ধদ্বার বৈঠকটি শুরু হয়। চলে রাত ৪টা পর্যন্ত।

বৈঠকে ঢাকা কলেজের শিক্ষকদের প্রতিনিধি, দোকান মালিক সমিতির নিউ মার্কেট এলাকার প্রতিনিধি ছাড়াও দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, পুলিশের গোয়েন্দা বিভাগের-ডিবি যুগ্ম কমিশনার মাহবুব আলমসহ ঢাকা কলেজ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অধ্যাপক নেহাল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘যারা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা আশা করছি তদন্তের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে। বৈঠকে আমরা সবাই একমত হয়েছি, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের একটি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। অনেকেই এটার সুযোগ নেয়ার চেষ্টা করেছে। যারা সুযোগসন্ধানী তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিবে।’

তিনি বলেন, ‘ছাত্রদের দাবি-দাওয়ার অনেকাংশই পূরণ হয়েছে। ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে। আগামীতে উভয়পক্ষই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাবে বলে আমরা সব পক্ষ থেকেই আশ্বাস পেয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *