ঢাকাই ছবির নায়িকা এখন প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার দুটি চলচ্চিত্র। আসছে ঈদেও তাকে পাওয়া যাবে। তবে সিনেমায় নয়, গানচিত্রে।
প্রথমবারের মতো আরটিভি মিউজিকের ব্যানারে মডেল হয়েছেন তিনি। ‘আউলা ঝাউলা’ শিরোনামের গানটি সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন।
মিজানুর রহমানের কথায় এটিতে কণ্ঠ দিয়েছেন বাংলার গায়েন প্রতিযোগিতার শিল্পী লাবনী। ভিডিও নির্মাণ করেছেন উজ্জল রহমান। আর কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান।
দীঘি বললেন, ‘কাজটি ব্যতিক্রমী হয়েছে। এর আগে মিউজিক ভিডিওতে কাজ করলেও এটা আলাদা। মনে হচ্ছিলো, যেন সিনেমার গানের শুটিং করছি। আশা করি, সবার ভালো লাগবে।’
জানা যায়, আরটিভির স্টুডিওতে এ ভিডিওটি তৈরি হয়েছে। ঈদ আয়োজনে চ্যানেলটির বিশেষ অনুষ্ঠানে এবং আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে এটি রিলিজ হবে।
জানা গেছে, এবারই প্রথম নয়, এর আগেও একটি হিন্দি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন দীঘি। গত বছরের মাঝামাঝি সময় ‘হোটো পে নাম তেরা’ শিরোনামের গানে মডেল হওয়ার মধ্যে দিয়ে প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করেন তিনি।
সুদীপ কুমার দীপের লেখা গানটি গেয়েছিলেন কণ্ঠশিল্পী ন্যানসি ও প্রেম। ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে গানটি মুক্তি পায়।
