পরিস্থিতি দেখে মার্কেট খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২০ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমি ব্যবসায়ীদের বলেছি আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করতে। সাত কলেজের ছাত্ররা নাকি ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে। নুরুল হক নুররাও ওদের সঙ্গে শামিল। ইডেনের শিক্ষার্থীরা রাস্তায় নামার কথা বলেছে; বুঝে হোক আর না বুঝে হোক।

পরিস্থিতি যাতে আর ঘোলা না হয়, সেজন্য আমি বলেছিলাম আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করে পরিস্থিতি দেখে তারপর দোকান খুলতে।

পরিস্থিতি এখন মার্কেট খোলার জন্য অনুকূল বলে মনে করেন কি না- এ প্রশ্নে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত অনুকূলে, যদি এরকম থাকে, সব দেখে আমরা মার্কেট খুলে দেবো।

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে গতকাল প্রায় পুরো দিন রাজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডের সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এর প্রভাবে আশপাশের সড়ক কার্যত অচল হয়ে যায়। নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার বিপণিবিতানগুলোও খোলা সম্ভব হয়নি।

দফায় দফায় সংঘর্ষের পর গতকাল রাত সাড়ে ১০টার পর শিক্ষার্থী, দোকানমালিক ও কর্মচারীরা সড়ক থেকে সরে যান। পরে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল শুরু হয়। আজ সকালে পরিস্থিতি শান্ত থাকলেও দোকানপাট খুলতে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *