আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও পূজা চেরি অভিনীত ‘গলুই’। ছবি মুক্তি উপলক্ষে এখন চলছে প্রচারণা। এই প্রচারণার কৌশল হিসেবে ‘গলুই’ সিনেমার পোশাক নিয়ে এসে চমক দিয়েছে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙ।
গ্রাম বাংলার সংস্কৃতি আর ঐহিত্যের চিত্র উঠে এসেছে গলুই-তে। নায়ক শাকিব খান আগেই জানিয়েছেন, ‘গলুই’ সম্পূর্ণভাবে চিরাচরিত নিজেদের গল্প ও সংস্কৃতির ছবি। যেখানে মাটি ও মানুষের আবেগ অনুভূতি, পিরিওডিক্যাল প্রেম উঠে আসবে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, ‘ঈদে আমরা ‘গলুই’ সিনেমার বিভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত পোশাক নিয়ে আসবো। যার মধ্যে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ইত্যাদি রয়েছে। দেশীয় পোশাকশিল্পের প্রেক্ষাপটে একটি ভিন্ন রূপকল্পের চিন্তা ভাবনা করছি। এসব পোশাকে টাইপোগ্রাফি, নকশায় গ্রাফিক্যাল ফর্ম আর ‘গলুই’ চলচ্চিত্রের নামলিপিসহ স্থিরচিত্রের ভিন্ন ভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত করা হবে।’
তিনি আরও বলেন ‘পোষাকগুলো এই ঈদে পাওয়া যাবে। বিশ্ব রঙের বিভিন্ন শো রুমে। সেইভাবে কাজ চলছে। খুব তাড়াতাড়ি বাজারে আসবে পোশাকগুলো।
‘গলুই’ ছবির পরিচালক এস এ হক অলিক বলেন, আধুনিক ফ্যাশনের সঙ্গে আমাদের ঐতিহ্য মিশিয়ে বিশ্বরঙয়ের পোশাকে ‘গলুই’ থাকবে। আমার বিশ্বাস, দর্শক ছবিটি যেমন উপভোগ করতে পারবেন, তেমনই আমাদের এই উদ্যোগ প্রশংসনীয় হবে।
গেল অক্টোবরে নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা ছবি ‘গলুই’ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশাও আকাশচুম্বী! শাকিব খান নিজেও মনে করেন, ঈদে গলুই-তে মেতে থাকবেন দর্শক। তাই ঈদের সময় শুধু একা নয়, দর্শকের পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রতারকা শাকিব খান।
সরকারি অনুদান ও খোরশেদ আলম খসরুর যৌথ প্রযোজনায় গলুই-তে শাকিব খানের বিপরীতে আছেন পূজা চেরী। আরও আছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ। ছবির গানগুলো করেছেন কুমার বিশ্বজিৎ, হাবিব, এস আই টুটুল প্রমুখ।
