শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করলেন রমনার ডিসি

রাজধানীর নিউমার্কেট এলাকার চলমান সংঘর্ষে ‘পুলিশ ব্যবসায়ীদের পক্ষ নিয়েছে’, ঢাকা কলেজ শিক্ষার্থীদের এমন অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) রমনা অঞ্চলের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সবশেষ পরিস্থিতি জানতে এবং শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি সামনে আনলে তিনি এ কথা বলেন।

এ বিষয়ে ডিসি সাজ্জাদুর বলেন, কারও পক্ষ নেওয়ার কোনো কারণ নেই। ঢাকা কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কোনো কারণে যদি আমাদের বিপক্ষেও যেতে হয়, বিরূপ আচরণও করতে হয়, তবে সেটা কোন পরিস্থিতিতে সবাই তা অনুমান করতে পারেন। আমরা কারও পক্ষে-বিপক্ষে নই।

তিনি বলেন, গতকাল সোমবার রাতের সংঘর্ষের ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে আবার সংঘর্ষ শুরু হয়। এ পর্যন্ত কতজন আহত হয়েছে, এর সুস্পষ্ট কোনো তথ্য নেই।

পুলিশ মধ্যস্থতা না করে ব্যবসায়ীদের পক্ষ নিয়েছে, শিক্ষার্থীদের এমন অভিযোগ বিষয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের এ অভিযোগের কোনো ডকুমেন্টস আছে? কারও পক্ষ নেওয়ার প্রশ্নই আসে না। ব্যক্তির সম্পদ মানেই রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্রের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলাকালে ঢাকা কলেজ শিক্ষার্থীরা বারবারই অভিযোগ করছিলেন, পুলিশ শুরু থেকেই ব্যবসায়ীদের পক্ষ নিয়েছে। তাদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যস্থতার ভূমিকা না নিয়ে পুলিশ একতরফাভাবে শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *