মেয়ে ভামিকার জন্মের পর থেকেই ডায়েট ও শরীর চর্চা শুরু করে দিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। পুরনো চেহারায় ফিরতে বেশি সময় লাগেনি তার। ইতোমধ্যেই আগামী ছবির ঘোষণাও করে দিয়েছেন তিনি। ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করবেন এ বলিউড অভিনেত্রী। ক্রিকেটারের চরিত্রে এই প্রথম দেখা যাবে তাকে।
‘চাকদহ এক্সপ্রেস’-এ ভারতীয় মহিলা ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবির শুটিং হবে বিশ্বের ৪টি শীর্ষ স্থানীয় স্টেডিয়ামে। সেখানে ক্রিকেটার হয়েই বাইশ গজে নামবেন বিরাট কোহলির স্ত্রী। বায়োপিকে তিনি একজন বাঙালি। তবে এসবের আগেই আনুশকার খাবারে মিলল বাঙালিয়ানা ভাব। তার খাবারের প্লেটে দেখা গেল পান্তা ভাত।
ডায়েটের তোয়াক্কা না করেই পান্তা ভাতে মজেছেন আনুশকা। সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রামে পান্তাভাত সঙ্গে বড়া, বেগুন ভাজা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে খাবারের ছবি পোস্ট করলেন আনুশকা। ছবির ইমোজি দেখেই বোঝা যাচ্ছে যে সেই খাবার বেশ পছন্দ হয়েছে তার।
আনুশকাকে বাঙালি খাবার খেতে দেখে ভক্তরা বেজায় খুশি। চাকদহের নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে ঝুলনের ভারতীয় মহিলা দলের অধিনায়ক হয়ে ওঠার গল্প সিনেমার চেয়ে কিছু কম নয়।
ঝুলনের চরিত্রে নিজেকে খাপ খাওয়ানো আনুশকার কাছে বড় একটি চ্যালেঞ্জ। নদিয়ার চাকদহের নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঝুলন। অভাব, ক্রীড়াজগতে নানা বাধার সঙ্গে লড়াই করেই ভারতীয় নারী ক্রিকেট দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। ফাস্ট বোলিংয়ে দুরন্ত সাফল্যের পর দলের অধিনায়কও হয়েছেন। তার জয়যাত্রা রীতিমতো অনুপ্রেরণা জোগায়।
তাই মাঠে নেমে, ঘাম ঝরিয়ে, বল হাতে নিজেকে ঝুলনের চরিত্রে মানানসই করে তুলতে চাচ্ছেন সালমান খানের ‘সুলতান’-এর নায়িকা আনুশকা। সে কারণেই পান্তা খেয়ে শরীরটা একটু তাজা বানাচ্ছেন আরকি।
এর আগে শেষ বার শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবিতে দেখা গেছে আনুশকাকে। সে ছবিতে ক্যাটরিনা কাইফও ছিলেন।
