নিউমার্কেটে সড়ক অবরোধ শিক্ষার্থীদের, খোলেনি দোকান

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয় পাশে যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে ভোর পর্যন্ত। এ ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

এদিকে ঢাকা কলেজের আজ মঙ্গলবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কলেজের সব শিক্ষককে সকাল ১০টায় ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ অনুরোধ জানিয়েছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত আজ মঙ্গলবার সকাল থেকে ব্যারিকেড দিয়ে রেখেছে শিক্ষার্থীরা। এতে ওই এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

এ ছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউমার্কেটের ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে ৩ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ এপ্রিল রাতে) রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ। শিক্ষার্থীরা বলছেন, কথাকাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত। তবে ব্যবসায়ীদের দাবি, একটি দোকানে কয়েকজন খেয়ে বিল না দেওয়ায় সংঘর্ষ শুরু হয়।

কয়েকজন শিক্ষার্থীর দাবি, এদিন রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

অপরদিকে ব্যবসায়ীদের দাবি, ‘ঢাকা কলেজের কয়েকজন ছাত্র রাতে একটি ফাস্ট ফুডের দোকানে খাবার খান। তবে টাকা না দিয়েই তারা চলে যাচ্ছিলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে তর্কাতর্কি হয় দোকানের লোকজনের। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা দোকান ভাঙচুর করেন। পরে ব্যবসায়ীরা একসঙ্গে বের হন বলে দাবি তাদের।

গুলিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *