বিনোদন ডেস্ক: ২০১৮ সালে বাংলা সিনেমার পুরনো গান ‘এই মন তোমাকে দিলাম’ কভার করে ব্যাপক প্রশংসিত হন কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। তার গাওয়া এই গানটি সপ্তাহ খানেকের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই থেকে সঙ্গীতে পথচলা শুরু। এরপর নিয়মিত গান করেন তিনি। ইতোমধ্যে বেশকিছু মৌলিক গান গেয়েছেন এই তরুণ কণ্ঠশিল্পী।
ঈদকে সামনে রেখে এবার নতুন মিউজিক ভিডিও ‘হারালো মন’ নিয়ে হাজির হলেন মাহতিম সাকিব। গানটি লিখেছেন এবং সুর করেছেন মামুন আফনান রুমি। গেল কয়েকদিন আগে মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়। গানটির মডেল হয়েছেন পরাগ পিকে এবং স্বপ্নীলা রুমজুম দাস। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আতিফ আসলাম বাবলু।
গানটি প্রসঙ্গে জানতে চাইলে পরিচালক আতিফ আসলাম বাবলু বলেন, ‘হারালো মন’ এই ঈদের অন্যতম একটি কাজ। খুব যত্ন করে মিউজিক ভিডিওর কাজটি করেছি। মাহতিম সাকিব বরাবরই ভালো গান করেন। তার সাথে এটি আমার প্রথম কাজ। আশা করছি গানটি দর্শকরা পছন্দ করবেন।
আসন্ন ঈদ-উল-ফিতরে গানটি ‘শেখর মাল্টিমিডিয়া’ ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।
