পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন চিত্রনায়ক রুবেল। শুক্রবার (১৫ এপ্রিল) ঢাকা থেকে সৌদি আরবে যাত্রা করেন এই তারকা।
বিষয়টি নিশ্চিত করেছেন রুবেলের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মোরশেদ খান হিমেল।
তিনি বলেন, ‘গত পরশু রুবেল ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। যাওয়ার আগে দোয়া চেয়েছেন। সেখান পৌঁছে ছবিও পাঠিয়েছেন। তিনি যাতে সুস্থ শরীরে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন, সেই কামনা করছি।’
ওমরাহ শেষে সপ্তাহখানেক পর রুবেল দেশে ফিরবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছর ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন রুবেল। তিনি সহ-সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে জয়ী হন। কিন্তু তিনি শপথ না নিয়ে তার পদটি সহ-সভাপতি পদে পরাজিত প্রার্থী চিত্রনায়ক রিয়াজকে দিয়ে দেবেন বলে জানান।
কিন্তু ঘোষণা দিলেও এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি এই নায়ক। এদিকে সম্প্রতি কার্যনির্বাহী পদে শপথ নিয়েছেন রিয়াজ। রুবেল পদ ছাড়লে সমিতির সহ-সভাপতি পদে তিনি যোগ দেবেন বলেও জানিয়েছেন।
রুবেল প্রায় দুইশ’র বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৭টি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। এছাড়া ‘দ্যা একশন ও্যারিয়রস’ নামে নিজস্ব ফাইটিং গ্রুপ আছে তার। যারা অনেক সিনেমার অ্যকশন দৃশ্য পরিচালনা করেছেন।
নায়ক রুবেলের পুরোনাম মাসুম পারভেজ। অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার ছোট ভাই। তাদের আরেক ভাই কামাল পারভেজ। তিনিও কিছু সিনেমা প্রযোজনা করেছেন। তিন ভাইকে ‘বীরপুরুষ’ সিনেমায় দেখা গিয়েছিল।
