নাটকে ব্যাচেলরদের জীবন ও যাপন নিয়ে দারুণ সব গল্প বলতে জুড়ি নেই সময়ের আলোচতি ও দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির। আসছে ঈদ উপলক্ষ্যে এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পাশা, কাবিলা, শুভ, হাবু, শিমুল, অন্তরাদের নিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘ব্যাচেলর রমজান’।
নির্মাতা অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ এর অভিনেতাদের নিয়ে এরআগে ব্যাচেলর ট্রিপ, ব্যাচেলর ঈদ ও ব্যাচেলর কোয়ারেন্টাইন নির্মাণ করি। নাটকগুলোতে মজারছলে ব্যাচেলরদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার গল্প দেখিয়েছি। আসছে ঈদ উপলক্ষ্যে রমজানে ব্যাচেলরদের মিশ্র ও বাস্তব অভিজ্ঞতার গল্পগুলো দেখানোর চেষ্টা করবো।
নির্মাতা জানান, ধ্রুব মিউজিকের ব্যানারে নির্মিতব্য ‘ব্যাচেলর রমজান’ নাটকটির শুটিং ১৮ এপ্রিল থেকে। যা দর্শক ঈদুল ফিতরের দিন দেখতে পারবেন।
নাটকটি নিয়ে উচ্ছ্বসিত অমি। রমজানে ব্যাচেলরদের অভিজ্ঞতার গল্প বেছে নেয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, নাটকে আমরা দেখাবো- কাবিলা, পাশা, শুভ, হাবু – এরা রমজানে কী করে? কে রোজা রেখে গোপনে কিছু খেয়ে ফেলে, কে নামাজ পড়ে, কে ঠিক মতো নামাজ পড়ে না, কে একেবারে হাজী হয়ে যায়, কে ঈদকে সামনে রেখে কীভাবে শপিং করে, ডেটিং করে- এসব কিছুই উঠে আসবে এই নাটকে।
ব্যাচেলরদের রমজান মাস ও এই ঈদের অভিজ্ঞতা এবং এই সমস্ত ইস্যু নিয়ে কখনোই কিছু দেখানো হয়নি বলে এসময় জানান কাজল আরেফিন অমি।
