শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আমরা রোজাও রাখব, পহেলা বৈশাখও উদযাপন করব। বঙ্গবন্ধুর এই অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।
বুধবার (১৩ এপ্রিল) নিজ আসন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের অন্তর্গত নগরের আন্দরকিলতা ওয়ার্ডের জনসাধারণের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এদিন সংসদীয় আসনের ফিরিঙ্গিবাজার ও পাথরঘাটা ওয়ার্ডেও ইফতার-সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে। সাংসদ নওফেল ব্যক্তিগত অনুদান থেকে তিন ওয়ার্ডের ১৫ হাজার পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।
মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। করোনাসহ দেশের সকল দুর্যোগে শেখ হাসিনার কর্মীরা সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমরা দেখতে পেয়েছি তারা গরিবের টাকা, এতিমের টাকা, সরকারের উন্নয়নের টাকা মেরে কিভাবে নিজের ভাগ্যের উন্নয়ন করবে সেই চেষ্টায় ব্যস্ত ছিল বেশি।
তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য এখানেই। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। রমজান শুরুর পর থেকে বঙ্গবন্ধুর আদর্শে গড়া নেতাকর্মীরাই সাধারণ মানুষের পাশে ইফতার-সেহরি নিয়ে হাজির হচ্ছেন।
আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহরলাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ-সভাপতি মঞ্জুর আলম, চসিকের কাউন্সিলর রুমকি সেনগুপ্ত।
