প্রজ্ঞাপন বাতিলের ঘোষণা মন্ত্রীর, ট্রেন ধর্মঘট প্রত্যাহার

ধর্মঘট প্রত্যাহার করেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। বেতন-ভাতা (মাইলেজ) সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় বুধবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে তারা ধর্মঘটে বসেন। এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

দুপুর ১২টার দিকে কমলাপুর রেলস্টেশনে রেলওয়ের রানিং স্টাফদের সঙ্গে আলোচনা করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি রানিং স্টাফদের ভাতা বাতিলের ঘোষণা সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দেন।

রেলমন্ত্রী বলেন, আমরা রেলের রানিং স্টাফদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। তাদের দাবি আদায়ে আমরা অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। কিন্তু গত ১০ এপ্রিল বেসমারিক কর্মচারীদের পেনশন ও আনুতোষিক হিসাবের ক্ষেত্রে মূল বেতনের সঙ্গে কোনো ভাতা যোগ করার সুযোগ নেই বিধায়, রেলওয়ের রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে রানিং ভাতা, পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার প্রস্তাবে নির্দেশক্রমে পুনরায় অর্থ বিভাগ অসম্মতি জানায়।

অর্থ মন্ত্রণালয়ের এমন অবস্থানের পর বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যান। তাতে ট্রেন চলাচলে অচলাবস্থা তৈরি হয়। এই পরিস্থিতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। তারা এই অফিসিয়াল আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। আগামী ১৯ এপ্রিল রেলের এ সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের শিডিউল রয়েছে। আশা করি তিনি রেলের সমস্যাগুলো সমাধানে সহযোগিতা করবেন। তাই এখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে চালকদের প্রতি আহ্বান জানাই, বলেন রেলমন্ত্রী।

পবিত্র রমজানে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আরামদায়ক যাতায়াতে রেল দেশের মানুষের প্রথম পছন্দ। তাই এ খাতে সরকারের সুদৃষ্টি রয়েছে। আজ যারা এ ধর্মঘট ডেকেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানান মন্ত্রী।

ওই সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেলওয়ে রানিং স্টাফদের নেতারা।

রেলওয়ের রানিং স্টাফ (চালক-গার্ড) ও শ্রমিক-কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘আমরা রানিং স্টাফ কর্মচারী কল্যাণ সমিতির নেতারা মন্ত্রী মহোদয় সঙ্গ বৈঠক করেছি। উনার আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং আমাদের আর অল্প সময় সবাইকে ধৈর্য ধরতে হবে।

‘নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা আজকের মতো এখান থেকে নিজ নিজ কাজে ফিরে যাব। এখন, এই মুহূর্ত থেকে আমরা কাজে ফিরে যাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *