দেবের ‘কিশমিশ’ সিনেমার পর এবার নিজের সিনেমার প্রচারে নামলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘আয় খুকু আয়’ শিরোনামের এই সিনেমাটির ডাবিং শেষ হয়েছে।
জানা গেছে, আসছে ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটিতে বাংলাদেশের অভিনেত্রী মিথিলার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এছাড়া সিনেমাটি প্রসেনজিতের মেয়ের ভূমিকায় দেখা যাবে দিতিপ্রিয়াকে।
সিনেমাটির ডাবিং শেষে সেই স্টুডিও থেকেই সরাসরি একটি ভিডিওতে কথাগুলো জানান প্রসেনজিৎ। তবে একইদিন আরও ৩টি সিনেমা মুক্তি পাচ্ছে ওপার বাংলায়। যদিও এ নিয়ে ভীত নন এই অভিনেতা।
প্রসেনজিৎ বলেন, ‘সবার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে শেষ হল ডাবিং পর্ব। আশা করছি, সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকরা দেখবেন। তাদের ভালো লাগবে এই বিশ্বাস আমার রয়েছে।
সিনেমাটি পরিচালনা করেছেন শৌভিক কুণ্ডু। সম্প্রতি তিনি বলেন, ‘শহুরে বাবা-মেয়ে নয়, আমার ছবি শোনাবে গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। আজও যা বড় পর্দায় কেউ ধরেননি!’
এতে চিরন্তন বাবা-মেয়ের গল্প দেখা যাবে। যেখানে একটি মেয়ের ছোট থেকে বড় হওয়া থাকবে। বাঙালি রীতি মেনে মেয়ের হাত ধরে বিয়ের মণ্ডপেও তাকে পৌঁছে দেবেন বাবা।
সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করবেন বুম্বাদা। তিনি থাকবেন দ্বৈত চরিত্রে। পরিচালকের দাবি, চরিত্রের মতোই তাকে একেবারে অন্য পেশায় দেখা যাবে। এই পেশায় অভিনয় করতেও তাকে এর আগে কেউ দেখেননি।
ছবিতে গানের দায়িত্বে রণজয় ভট্টাচার্য। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে নতুন রূপে সম্ভবত শোনা যাবে কালজয়ী সেই গান ‘আয় খুকু আয়’।
