ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বিরতি কাটিয়ে ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন। চলচ্চিত্রের পাশাপাশি স্টেজ শো, শুভেচ্ছা দূত হওয়া নিয়ে ভালোই সময় যাচ্ছে তার। নতুন খবর হলো ফের শুভেচ্ছা দূত হলেন এই অভিনেত্রী।
দেশের প্রতিষ্ঠিত জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড হাউজের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হলেন ‘ঢালিউড কুইন’। সোমবার সন্ধায় রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এই অভিনেত্রীর সঙ্গে চুক্তি করেন ডায়মন্ড হাউজ কর্তৃপক্ষ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হাউজের ডিএমডি সৌমেন সাহা সুমনসহ অন্যান্য কর্মকর্তারা।
চুক্তি সম্পাদনের পর অপু বিশ্বাস বলেন, ‘ডায়মন্ড হাউজের অলংকার দেখার পর থেকেই আমি তাদের ডিজাইনের ভক্ত। তাদের প্রোডাক্টগুলো বেশি ইউনিক ও স্টাইলিস। তাদের কালেকশন আমার ভালো লেগেছে। তারা খুব অল্প সময়ে বেশ পরিচিতি পেয়েছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার আগে তাদের পণ্যের মান যাচাই করে নিয়েছি। দুই মাস তাদের ডায়মন্ড ব্যবহার করেছি। দামও হাতের নাগালে।’
পাশাপাশি বহু হিট ছবির এই নায়িকা এও ঘোষণা দেন, এবারের রোজার ঈদে ডায়মন্ড হাউজের তিনজন ক্রেতা পাবেন চাঁদ রাতে তার সঙ্গে পাঁচতারকা হোটেলে নৈশভোজ করার সুযোগ।
অনুষ্ঠানে ডায়মন্ড হাউজের ডিএমডি সৌমেন সাহা বলেন, ‘অপু বিশ্বাস অত্যন্ত জনপ্রিয় ও স্বনামধন্য একজন নায়িকা। আমরা চেয়েছি তিনি যুক্ত হলে আমাদের প্রতিষ্ঠানটির সুনাম দেশব্যাপী আরও ছড়িয়ে পড়বে। সেই ভাবনা থেকে তাকে প্রস্তাব দিয়েছিলাম। তিনি যাচাই-বাছাই করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।’
সৌমেন সাহা আরও জানান, খুব শিগগির চট্টগ্রামে ডায়মন্ড হাউজের নতুন একটি শো-রুম উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে ওই শো-রুমটি উদ্বোধন করবেন অপু বিশ্বাস।
এদিকে, পেশাগত কাজের ক্ষেত্রে এই মুহূর্তে বেশ কয়েকটি সিনেমা রয়েছে অপু বিশ্বাসের হাতে। কোনোটার কাজ শেষ, কোনোটি চলমান। কয়েকটি আছে মুক্তির অপেক্ষায়। মাঝের লম্বা একটি বিরতি ভেঙ্গে নতুন উদ্যমে ফিরেছেন তিনি। ব্যস্ততাও আগের মতো।
