ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। শাকিব খান পরবর্তী নায়কদের মধ্যে প্রযোজক-পরিচালকদের কাছে আস্থার জায়গা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। উপহার দিয়েছেন বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা।
এদিকে সম্প্রতি করোনার বুস্টার ডোজ দিয়ে জ্বরে আক্রান্ত হওয়ার পরও কাজ চালিয়ে গেছেন তিনি। কাজী হায়াতের ‘জয় বাংলা’ ছবির ডাবিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন।
এখন শারীরিক অবস্থা কেমন আপনার? বাপ্পী বলেন, পুরোপুরি ভালো না। জ্বর আপাতত নেই, ব্যাথা আছে। আগের টিকাগুলো আমাকে ঠিক এতোটা ধরেনি। হয়তো এটাও কাবু করতো না। তবে অনেকদিন পর পুরোপুরি অ্যাকশন একটি সিনেমা করছি। অনুশীলনের ব্যাপার ছিল। টিকা নিয়েই ডাবিং করে আবার ফাইটিং অনুশীলন করেছি। বাড়তি চাপ নিতে গিয়েই ব্যাথা বেড়ে জ্বর এসেছিল।
বিশ্রাম নিয়েও তো কাজ করতে পারতেন? এ নায়কের উত্তর- চাইলেই পারতাম ডাবিং বন্ধ করতে। কিন্তু প্রযোজকের ক্ষতি হোক চাইনি। তারপর আবার শিডিউল বের করতেও হয়তো দুইমাস সময় লেগে যাবে। তাই দায়িত্ববোধের জায়গা থেকেই কাজটা করা।
‘শত্রু’র শুটিংও তো করছেন? বাপ্পী চৌধুরী বলেন, হ্যাঁ, সোমবার থেকে মানিকগঞ্জে শুটিং করছি। চেষ্টা করছি শারীরিক কষ্ট যেন চেহারায় ফুটে না ওঠে।
‘শত্রু’ সিনেমাটি নিয়ে বিস্তারিত জানতে চাই। উত্তরে তিনি বলেন, ‘শত্রু’র দ্বিতীয় লট শুরু হলো। এখন পর্যন্ত ২০ ভাগ কাজও শেষ হয়নি। বড় বাজেটের, বড় ক্যানভাসের ছবি। এজন্য কাজটা গোছানো। ভক্তদের জন্যই চাই লুকটা বিশেষভাবে আনতে, পরিকল্পনাও করছি সেরকম। তাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে ‘শত্রু’র লুক দেখার জন্য।
নবাগতা জাহারা মিতু আপনার বিপরীতে পর পর সিনেমা করছেন। আপনাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলেও গুঞ্জন উঠেছে। আসলে কি? বাপ্পী চৌধুরী বলেন, অনেকদিন পর কোনো নায়িকাকে নিয়ে আমার দর্শকদের মধ্যে আলোচনা হচ্ছে। আমাদের কোনো ছবি মুক্তি পাওয়ার আগেই আমাদের তোলা স্টিল ছবি গুলো যেন হিট। সেখান থেকেই জুটি তৈরি হয়ে গেছে। তবে আমরা শুধুই খুব ভালো বন্ধু। আসলে সব প্রেমই বন্ধুত্ব দিয়ে শুরু হয়, কিন্তু সব বন্ধুত্বই কিন্তু প্রেম দিয়ে শেষ হয় না।
উল্লেখ্য, বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু প্রথম অভিনয় করেন কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমায়। সিনেমাটির শুটিং চলাকালে অপূর্ব রানার ‘যন্ত্রণা’য় চুক্তিবদ্ধ হন তারা। সেটির শুটিং শুরু না হতেই শাহীন সুমনের ‘কুস্তিগীর’ নামে আরেক সিনেমার শুটিং শেষ করে এই জুটি। সর্বশেষ বাপ্পি-মিতু জুটির ক্যাটালগে চতুর্থ সিনেমা হিসেবে যুক্ত হয় সুমন ধরের ‘শত্রু’।
