হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। কাজের স্বীকৃতিস্বরূপ ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আসছে ঈদে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। যার একটি হচ্ছে ‘শান’, অন্যটি ‘পাপ পূণ্য’। দুটি সিনেমা নিয়েই আশাবাদী নায়ক।
এদিকে ঈদে ঢালিউড কিং শাকিব খানের সিনেমাও মুক্তি পাচ্ছে। তার অভিনীত ‘গলুই’ সিনেমাটি ঘিরে শুরু থেকেই তুমুল আলোচনা। তাছাড়া এই ছবিতেই প্রথমবারের মতো শাকিব-পূজা জুটিকে পর্দায় দেখবে দর্শক। সব মিলিয়ে শাকিব ও সিনেমার সিনেমার প্রতিযোগিতা জমবে বলেই মনে করছেন অনেকে।
এ প্রসঙ্গে সিয়াম গণমাধ্যমকে জানান, ‘প্রতিযোগিতার বিষয় থেকে বড় হচ্ছে, নতুন ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। যুগে যুগে সুপারস্টাররা ছিলেন, আছেন ও থাকবেন। তাই বলে নবীনদের উত্থান হবে না সেটা তো নয়। তারকাদের দেখানো পথ অনুসরণ করেই নবীনরা তাদের কাঙ্ক্ষিত পথে এগিয়ে যাবে। শাকিব ভাই আমার খুব পছন্দের মানুষ, দেশের শীর্ষ নায়ক। আশা রাখি দুজনের সিনেমাই দর্শক দেখবেন।’
তিনি যোগ করেন, ‘সিনেমাকে ভালোবেসেই কাজ করে যাচ্ছি। এই জার্নিতে উত্থান-পতন, ভালো- মন্দ সবকিছুই ছায়ার মত চলে। কখনো ছন্দপতন আবার প্রবল উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়া- এটা সিনেমার নিত্যদিনকার ইতিহাস। আমি মন প্রাণ দিয়ে কাজ করে যেতে চাই। সব শ্রেণী-পেশার অভিনেতা হতে চাই।’
