প্রধানমন্ত্রী হয়েই সরকারি চাকরিজীবীদের ‘সুখবর’ দিলেন শাহবাজ

পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে (জাতীয় পরিষদ) দেওয়া প্রথম ভাষণে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন শাহবাজ শরিফ। এর আগে এটি ১৫ হাজার রুপি ছিল।

সোমবার পার্লামেন্টে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। ১ এপ্রিল থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলেও জানান তিনি।

এর আগে অনাস্থা প্রস্তাবে ইমরান খান ক্ষমতা হারানোর দু’দিন পর এদিন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের এই সভাপতি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। খবর জিওটিভির।

ইমরান সরকার বিরোধী জোট থেকে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। যদিও তার নির্বাচনের সময় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগের ঘোষণা দিয়ে পার্লামেন্ট ওয়াক আউট করেন। শাহবাজ পার্লামেন্টে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন পিটিআইয়ের শাহ মাহমুদ কুরেশি। কিন্তু তার দল ওয়াক আউট করায় তিনি কোনো ভোট পাননি।

শাহবাজ তার বক্তব্যে বলেন, পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলেন। ভাষণে সর্বনিম্ন বেতন বাড়ানোর পাশাপাশি গমের মূল্য কমানো, তরুণদেরকে ল্যাপটপ প্রদান এবং গরিবদের আর্থিক সহায়তারও ঘোষণা দেন তিনি।

সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ন্যায়ের পক্ষ নেওয়ায় আমি পাকিস্তানের জনগণকে অভিনন্দন জানাই। একটি চিঠি ও বিদেশি চক্রান্তের বিষয়ে প্রচুর মিথ্যাচার হয়েছে; যা এখনও উপস্থাপন করা হয়নি। আজ আল্লাহ পাকিস্তান ও দেশের ২২ কোটি মানুষকে রক্ষা করেছেন। এই প্রথম অনাস্থা প্রস্তাব সফলভাবে পাস হলো। এ দিবসটি দেশের মানুষ উদযাপন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *