ঢাকার যানজট নিয়ে ক্ষোভ অভিনেতা তৌসিফের

যানজট রাজধানীবাসীর নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। রমজানের প্রথম দিন থেকেই অলিগলি থেকে রাজপথ সর্বত্রই দিনভর যানজট লেগে থাকছে। আজ সোমবারও (১১ এপ্রিল) এর ব্যতিক্রম হয়নি।

সকাল থেকেই বাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার, ব্যাটারি ও পায়ে চালিত রিকশাসহ অসংখ্য যানবাহনে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়।

যানজট সামলাতে ট্রাফিক পুলিশকে রীতিমতো হিমশিম খেতে দেখা যায়। পাড়া মহল্লায় কমিউনিটি পুলিশ দায়িত্ব পালন করলেও রাস্তার আয়তনের তুলনায় যানবাহন বেশি হওয়ায় অধিকাংশ সময় যানবাহন পিঁপড়ার গতিতে চলে। কোনো কোনো সময় পথচারীকে পায়ে হেঁটে যানবাহনের আগে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। এ ভোগান্তি থেকে বাদ যাননি বিনোদন অঙ্গনের কর্মীরাও।

আজ সোমবার দুপুরে এমনই ভোগান্তির মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব। যার দরুণ নির্ধারিত সময়ে তিনি পৌঁছাতে পারেননি শুটিং স্পটে (উত্তরায়)। তার কল টাইম দুপুর আড়াইটাই হলেও প্রতিবেদন লিখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) তিনি রাজধানীর বনানীতে অবস্থান করছেন বলে জানান।

এ বিষয়ে কথা বলে তৌসিফ মাহবুব বলেন, ‘আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি তাদেরকে একটা শুটিং ইউনিটের পরিচালক, সহশিল্পী এবং প্রোডাকশনের সবাই আমাদেরকে ভীষণ ভালোবাসে। সেই জায়গা থেকে সবাই আমাকে অনেক ভালোবাসে তার একটা উল্লেখযোগ্য কারণ যদি বলি, সেটা হচ্ছে কল টাইম মেইনটেইন করার কারণে। একটা জায়গায় ভীষণ রকম ঘৃণা পেতে হয় আমাকে, যদি কল টাইমটা মেইনটেইন করতে না পারি।

আমি সবসময় চেষ্টা করি সময়টা মেনে চলতে, সঠিক সময়ে সেটে পৌঁছাতে। আমার জীবনে বহুবার এমন হয়েছে যে, আমি সবার আগে সেটে পৌঁছে গিয়েছি কিন্তু অন্য অনেকেই আসেনি। আমরা অনেক সময় চেয়েও সঠিক সময়ে সঠিক অবস্থানে পৌঁছাতে পারি না তার অন্যতম একটা কারণ হচ্ছে শহরের যানজট। তারপরও আমরা ব্যালেন্স করে সেটা করার চেষ্টা করি। মাঝেমধ্যে দেরী হয়ে গেলে সেটে গিয়ে সবাইকে সরি বলতে হয়!’

তিনি আরও বলেন, ‘এখন সপ্তাহে দুই-তিন তো এখন দেরি হয়-ই মাঝেমধ্যে পৌঁছাতে এত দেরী হয় যে দেখি আমার জন্য অনেকে বসে আছে, কাজ আটকে আছে। এটা বিশেষত হয় রাস্তায় যানজটের কারণে। বিশেষ করে সেই দিনগুলোতে যেদিন আমার কলটাইম থাকে একটু দেরিতে। আমি এমনিতে সকাল ৮/৯টার মধ্যে বের হয়ে যাই তাও দেখা যায় স্পটে পৌঁছাতে এক/দেড় ঘণ্টা লেগে যায়।

কিন্তু ১০/১১ টার পর ঢাকা শহরে কোথাও যাওয়ার অবস্থা-ই থাকে না। আমার যেদিন দুপুরে কল টাইম থাকে সেদিন ঢাকা শহরের যেখানেই গন্তব্য থাকুক না কেন ৪/৫ ঘণ্টায়ও পৌঁছাতে পারি না। আমি একটু অসুস্থ যার কারণে রোজা রাখতে পারছি না, কারণ আমাকে প্রতিদিন ১২ টা করে ট্যাবলেট খেতে হয়। এরজন্য আমি শুটিংয়ে যাওয়ার সময় সাথে করে টিফিন নিয়ে যাই। আজকে গাড়িতে বসেই সকালের ব্রেকফাস্ট করেছি এবং যেতে যেতে দুপুরের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, যার কারণে গাড়িতে বসেই লাঞ্চ করছি আমি। এরচেয়ে দুঃখজনক আর কি হতে পারে এই শহরের যানজট নিয়ে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *