পহেলা বৈশাখে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস

গত কয়েক দিন ধরে দিনভর গরম আর দিনের শেষ ভাগে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও আগামী বৃহস্পতিবার অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পয়লা বৈশাখ রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। তা ছাড়া সম্ভাবনা রয়েছে অতি সামান্য বৃষ্টিপাতের।

করোনা মহামারির কারণে গত দুই বছর পয়লা বৈশাখ সেভাবে উদযাপন হয়নি দেশে। তবে এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বৈশাখ উদযাপনে নেয়া হচ্ছে প্রস্তুতি। এরই মধ্যে ওইদিন বৃষ্টির খবর দিল আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, ‘চলতি সপ্তাহের বাকি দিন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হবে।

‘এই মেঘমালার কারণে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হবে। এই বজ্র বৃষ্টিকেই বজ্র ঝড় বলা হয়। সে সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হবে।’

তিনি বলেন, ‘দেশের বাইরে ভারতের উওর-পূর্বে অবস্থিত সেভেন সিস্টার বা সাতটি রাজ্যে বৃষ্টি হবে। তারই প্রভাব আমাদের দেশে পড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *