Home বিনোদন বুবলীকে প্রশংসায় ভাসালেন মাহফুজ আহমেদ

বুবলীকে প্রশংসায় ভাসালেন মাহফুজ আহমেদ

0
272

ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসটা বেশ ভালোই শুরু করেছেন। একের পর এক নতুন সিনেমার কাজ করছেন বুবলী। এবার মাহফুজ আহমেদের বিপরীতে দেখা যাবে বুবলীকে। সিনেমার নাম ‘প্রহেলিকা’।

‘প্রহেলিকা’র পরিচালনার চেয়ারে আছেন চয়নিকা চৌধুরী। নাটক বানিয়ে খ্যাতির চূড়ায় অবস্থান করা এই নারী নির্মাতার এটি দ্বিতীয় ছবি হতে যাচ্ছে। এখানে অভিনয়ের ব্যাপারে মাহফুজ আহমেদ এবং বুবলী সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছেন চয়নিকা। তিনি এও জানিয়েছেন, ছবির নায়ক-নায়িকা কয়েকদিন নিজেদের চরিত্র নিয়ে রিহার্সালও করেছেন।

এই রিহার্সাল করতে গিয়েই বুবলীকে খুব কাছ থেকে দেখেছেন একসময়ের তুমুল জনপ্রিয় নাট্য অভিনেতা মাহফুজ আহমেদ। নায়িকার সঙ্গে মিশেছেন, কথা বলেছেন, তাকে পর্যবেক্ষণ করেছেন। এরপর বুবলী সম্পর্কে তার যে ধারণা হয়েছে, সেটাই মাহফুজ আহমেদ দ্বিধাহীন ভাবে ব্যক্ত করেছেন সংবাদমাধ্যমের কাছে।

অভিনেতার কথায়, ‘বুবলীকে দেখে বুদ্ধিমতী মেয়ে মনে হয়েছে। এখনকার পৃথিবীতে ভালো চেহারা হলেই হবে না, ভালো অভিনয়ের জন্য মেধাবী হতে হবে। বুবলীকে আমার কাছে একজন মেধাবী অভিনেত্রী মনে হয়েছে। প্রয়োজনে কতটুকু কথা বলা দরকার, কীভাবে বলা দরকার, এসব বিষয়ে বুবলী দারুণ। তাকে আমার পরিশীলিত ও মার্জিত মনে হয়।’

তবে কম গেলেন না বুবলীও। তিনিও প্রশংসায় ভাসিয়েছেন মাহফুজ আহমেদকে। কাজটি চূড়ান্ত হওয়ার পরও নাকি বুবলী জানতেন না যে, এই ছবিতে তার সহশিল্পী মাহফুজ আহমেদ। নির্মাতা চয়নিকা চৌধুরী শুধু বলতেন, ‘বুবলী তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।’

বুবলীর কথায়, ‘এরপর যখন মাহফুজ ভাইয়ের নামটি জানতে পারলাম তখন তো বিশ্বাসই হচ্ছিল না। মনে হচ্ছিল, আসলেই কি সত্যি? কারণ, ছোটবেলা থেকেই মাহফুজ ভাইয়ের অভিনয়ের বড় ভক্ত আমি। তার অভিনয়, তার লুক, তার এক্সপ্রেশন- ভক্তদের কাছে স্বপ্নের মতো। তার সঙ্গে কাজ করতে যাচ্ছি, এটি আমার জন্য বড় পাওয়া।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here