মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা বাজারে ব্যবসায়ীকে কুপিয়ে ও ককটেল ফাটিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (০৮ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে ছিনতাইকারী ককটেল ফাটিয়ে এক ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে বলে জানা গেছে। এ সময় ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভান্নারা বাজারের মেঘ এন্টারপ্রাইজ নামক দোকানের মালিক লাবিব উদ্দিন দোকানের বেচা কেনা শেষে রাত সাড়ে নয়টার দিকে দোকানের সাড়ে পাঁচ লাখ টাকা একটি ব্যাগে ঢুকিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে পাশের কালাই ভিটা গ্রামের বাড়িতে যাচ্ছিল।
এ সময় ওই বাজারের বেলতলা নামক স্থানে পৌঁছালে ওই ব্যবসায়ীর মোটরসাইকেল গতিরোধ করে দুটি মোটর সাইকেলে ৬ ছিনতাইকারী। ছিনতাইকারীরা ৬-৭টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এসময় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তারা ওই ব্যবসায়ীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করার চেষ্টা করে। এ সময় ব্যবসায়ীর কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
খবর পেয়ে আশপাশের দোকানদার ব্যবসায়ীরা এগিয়ে এসে আহত লাবিব উদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
বিষয়টি নিশ্চিত করে মৌচাক পুলিশ ফাঁড়ির (এসআই) আসাদ জানান, তদন্ত করে বিস্তারিত জানাতে পারবো।
