আমার যে অবস্থান তৈরি হয়েছে, তা নষ্ট করতে চাই না: বাঁধন

একসময় মানসিকভাবে বেশ মুষড়ে পড়েছিলেন। ছিল না ঘুরে দাঁড়ানোর শক্তিও। হাতটা ধরার জন্য পাশে ছিল না কেউ। যখন দেখলেন হারিয়েছেন সবকিছুই, তখন আর কিছুই ফিরে পাওয়ার ছিল না তাঁর। আজমেরী হক বাঁধন, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হেঁটে যাওয়া বাংলাদেশের অভিনেত্রী।

গত বছর কান চলচ্চিত্র উৎসবে তার অভিনীত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শিত হওয়ার পর থেকেই দেশের পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়াতেও তার সরব উপস্থিতি রয়েছে। একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ঘুরে এসেছে সিনেমাটি। দেশেও মুক্তি পেয়েছে এটি।

সম্প্রতি ভারতের কেরালায় সিনেমাটি প্রদর্শিত হওয়ায় সেখানেও তিনি ব্যাপক গুরুত্ব পেয়েছেন। এবার আমেরিকায় তার সফর চূড়ান্ত হয়েছে। আমেরিকার টেক্সাস এবং নিউ ইয়র্কে সিনেমাটি প্রদর্শিত হবে। এ উপলক্ষে ১৩ এপ্রিল তিনি আমেরিকা যাচ্ছেন। সেখানে দুই সপ্তাহ অবস্থান করে ঈদের আগেই দেশে ফিরবেন বাঁধন।

এ প্রসঙ্গে বাঁধন বলেন, এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে আমি প্রত্যাশার থেকেও বেশি কিছু পাচ্ছি। এটা আমার অভিনয় জীবনের অবিস্মরণীয় একটি ঘটনা। দর্শকের ভালোবাসার কারণেই এমনটি হচ্ছে। তাই খুব হিসাব করে পরবর্তী পদক্ষেপ নিতে হচ্ছে। কারণ দর্শকের কাছে আমার যে অবস্থান তৈরি হয়েছে তা নষ্ট করতে চাই না।

নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই প্রশংসিত আজমেরী হক বাঁধন। গত বছর কান চলচ্চিত্র উৎসবে তার অভিনীত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শিত হওয়ার পর থেকেই দেশের পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়াতেও তার পরিচিতি বৃদ্ধি পেয়েছে। সেই থেকে একজন আন্তর্জাতিক তারকায় রুপান্তরিত হয়েছেন এই অভিনেত্রী।

চলচ্চিত্রের জন্য দীর্ঘদিন ধরে ছোট পর্দার কাজ থেকে দূরে রয়েছেন বাঁধন। যার জন্য আসন্ন ঈদেও তাকে দেখা যাবে না টেলিভিশন নাটকে। বর্তমান তার ধ্যান-জ্ঞান চলচ্চিত্র ঘিরেই। আপাতত চলচ্চিত্রেই নিজেকে ব্যস্ত রাখতে চান বাঁধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *