এ বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিল সৌদি আরব

করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিশ্বে স্থবিরতা চলে আসায় সবকিছুই বিঘ্নিত হচ্ছিল। এমনকি বাধা এসেছে হজ পালনেও। গত বছরই সৌদি আরব মাত্র কয়েক হাজার অভ্যন্তরীণ হজযাত্রীকে হজ পালনের অনুমতি দিয়েছিল। এবার বিশ্বব্যাপী টিকা কার্যক্রম জোরদার হওয়ায় কমে এসেছে করোনাভাইরাসের প্রকোপ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এবার অভ্যন্তরীণ ও বাইরে থেকে আসা হজযাত্রী মিলিয়ে ১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি দেবে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএপি শনিবার সকালে জানিয়েছে, দেশটির হজ মন্ত্রণালয় বলছে, এবার শুধু ৬৫ বছরের নিচের যাত্রীরাই হজ পালনে অংশ নিতে পারবেন এবং প্রত্যেক হজযাত্রীর পূর্ণডোজ টিকা থাকতে হবে।

মন্ত্রণালয় আরও বলেছে, বিদেশ থেকে আসা হজযাত্রীদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ থাকতে হবে ও তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

দেশটির সরকারি তথ্যসূত্র অনুযায়ী, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সর্বোচ্চসংখ্যক হজযাত্রীকে হজ পালন ও মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী সৌদি সরকার। একই সঙ্গে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *