২০ বছর পর মারুফকে নিয়ে নতুন ঘোষণা দিলেন কাজী হায়াৎ

‘ইতিহাস’ সিনেমা দিয়ে ইতিহাস করেই ঢাকাই চলচ্চিত্রে আগমন নায়ক কাজী মারুফের। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করে দিয়েছিলেন তিনি। গানে, গল্পে ও নির্মাণে ‘ইতিহাস’ সিনেমাটি কাজী মারুফ তো বটেই তার ‘আব্বা’ বরেণ্য চিত্র পরিচালক কাজী হায়াতেরও ক্যারিয়ারেরও অন্যতম একটা সিনেমা। এবার ছবিটির সিক্যুয়েল আসতে চলেছে। এমনই ঘোষণা দিলেন ছবিটির নির্মাতা কাজী হায়াৎ।

সম্প্রতি কাজী হায়াৎ সংবাদমাধ্যমকে জানান, চলতি বছরই তার ছেলে মারুফের প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে ‘ইতিহাস-২’-এর দৃশ্যধারণ শুরু করবেন তিনি।

“সিনেমার গল্প লেখার কাজ শুরু করেছি। সিনেমার প্রধান চরিত্রে মারুফই থাকবে; বিশ বছর পর জেল থেকে বেরিয়ে সিনেমার গল্প শুরু হবে। বাকি চরিত্রে কে থাকবেন-তা ভাবছি।”

যুক্তরাষ্ট ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় দৃশ্যধারণের পরিকল্পনার কথা জানালেন কাজী হায়াৎ।

বাবার পরিচালনায় প্রথম সিনেমা ‘ইতিহাস’ এ অভিনয় করেই দর্শকমহলে আলোচনায় আসেন মারুফ; ব্যবসায়িকভাবেও সিনেমাটি সাফল্য পেয়েছিল।

অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মারুফ। মারুফ ছাড়াও এ সিনেমায় মৌসুমী, রত্না, কাজী হায়াৎ, ডিপজলসহ আরও অনেকে অভিনয় করেছন।

‘ইতিহাস’সহ বাবা কাজী হায়াতের পরিচালনায় কাজী মারুফ মোট ছয়টি ছবিতে অভিনয় করেছেন। বাকি পাঁচটি হচ্ছে- ‘অন্ধকার’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘মানিক রতন দুই ভাই’, ‘ইভ টিজিং’ ও ‘সর্বনাশা ইয়াবা’।

এছাড়া অন্য পরিচালকদের পরিচালনায় ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘রাজা সূর্য খাঁ’ ও ‘দেহরক্ষী’ ছবিগুলোতে তিনি অভিনয় করেছেন। যদিও সবকিছু ছেড়ে কয়েক বছর ধরে আমেরিকাপ্রবাসী কাজী মারুফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *