চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সমিতির সভা ছিল বুধবার। দ্বিতীয়বারের মতো সভায় বসলেন কমিটির সদস্যরা। সেখানে কিছু শিল্পীর সদস্যপদ ফিরিয়ে দেয়া, অভিনেতা রিয়াজের শপথ, রমজানে ইফতার, ঈদে শিল্পীদের জন্য করণীয়, পহেলা বৈশাখ নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, রিয়াজ, ইমন, জেসমিন, শাহনূর, যাদু আজাদ, নিপুণসহ অনেকে।
বুধবার সন্ধ্যায় সভা শেষে সভাপতি ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকে বলেন, ১০৩ জন শিল্পীর সদস্যপদ ফিরিয়ে দেয়া নিয়ে আদালত যে রায় দিয়েছে, সেটা নিয়ে আমাদের সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। সবার সম্মতিক্রমে ১০৩ জন শিল্পীকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া ঈদে আমাদের শিল্পীদের জন্য আমরা কী করতে পারি, সেটা নিয়ে কিছু কথা হয়েছে। রমজানে একটি বড় ইফতার পার্টি করা বিষয়ে কথা হয়েছে। রোজার মধ্যে হওয়ায় আমার পহেলা বৈশাখটা বড় করে আয়োজন করতে পারব না। তবে কিছু আয়োজন আমরা করব।’
কাঞ্চন জানান, ২১ রমজান অর্থাৎ ২৩ এপ্রিল হবে শিল্পী সমিতির ইফতার পার্টি। কোথায় হবে সেটি এখনও ঠিক হয়নি।
সভায় অভিনেতা রিয়াজকে শপথ পড়ানো হয়। রিয়াজ সহসভাপতি পদে নির্বাচন করে হেরে যান। নির্বাচনে কার্যনির্বাহী পদে জয়ী অভিনেত্রী রোজিনা তার পদ থেকে সরে যাওয়ায় সেখানে অন্তর্ভুক্ত হয়েছেন রিয়াজ। আর সে জন্যই প্রথমবারের মতো কার্যনির্বাহী সদস্যদের সভায় অংশ নেন রিয়াজ।
রিয়াজ বলেন, ‘একটা চমৎকার কমিটিতে অন্তর্ভুক্ত হলাম। কাঞ্চন ভাই আমাকে শপথ পড়িয়েছেন। আমি গর্বিত ও আনন্দিত।’
সভায় উপস্থিত ছিলেন অভিনেত্রী নিপুণ। সাধারণ সম্পাদক পদ নিয়ে তার ও জায়েদ খানের মধ্যকার আইনি ঝামেলা এখনও শেষ হয়নি। তার পরও কেন ও কীভাবে তিনি সভায় থাকছেন?
নিপুণ বলেন, ‘আদালত অবমাননার একটা বিষয় ছিল, যেটা খারিজ হয়ে গিয়েছে, সেটা নিয়ে কথা বলবেন আমাদের আইনজীবী। এখানে কোনো কিছু বলার থাকলে সেটা আদালত বলবে, আইনজীবী বলবেন। আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে যে আমি কাজ চালিয়ে যেতে পারব।’
