চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন ১৮৪ জন জুনিয়র আর্টিস্ট। বিগত কমিটি তাদের ‘অশিল্পী’ চিহ্নিত করে বাদ দেয়। বাদ পড়াদের মধ্যে ১০৩ শিল্পী সদস্যপদ ফিরে পেয়েছেন। ফলে তারা প্রত্যেকে আগামিবার থেকে নির্বাচনে ভোট দিতে পারবেন।
এই আনন্দে ভাসছেন শিল্পীরা। বুধবার (৬ এপ্রিল) শিল্পী সমিতিতে ইফতার করতে আসেন প্রায় ৬০-৭০ জন শিল্পী। এসময় তারা সদস্যপদ ফিরে পাওয়ার সুখবর পান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাল পাটোয়ারী বলেন, ‘এই আনন্দের আসলে সীমা নাই৷ অনেক অপমান করে আমাদের বাদ দেয়া হয়েছিল। যারা আমাদের সাথে অন্যায় করেছিল তাদের বিচার আল্লাহ করবেন। ইলিয়াস কাঞ্চন, নিপুণসহ আমাদের বর্তমান কমিটির শ্রদ্ধেয় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
সদস্যপদ ফিরে পাওয়ার আনন্দে উল্লাস করছেন শাবনূর রতন। তিনি তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমরা শিল্পী সমিতির সদস্য ছিলাম দীর্ঘদিন। অকারণে আমাদের বাদ দেওয়া হয়েছিল। আমরা এতিম হয়ে গিয়েছিলাম। নিপুণ আপার জন্য তা ফিরে পেয়েছি। ইলিয়াস কাঞ্চন বাবা, নিপুণ আপা আমাদের মা।’
নিপুণ বলেন, ‘আদালতের নির্দেশেই আমরা সবার সদস্যপদ ফিরিয়ে দিতে পেরেছি। এজন্য আমি ব্যক্তিগতভাবে আনন্দিত।’
শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ১৮৪ জনের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজ খবর এখনও পাওয়া যায়নি।
পদ হারানোদের পদ ফিরিয়ে দেয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত করা হলো।
