নায়ক মান্নার জন্য দোয়া করলেন আসিফ

ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক মান্না। অসংখ্য ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান এক সময়ের এই ঢালিউড কিং। মৃত্যুর পরও তার জনপ্রিয়তা অমলিন।

চিত্রনায়ক মান্নার আকস্মিক মৃত্যুর ক্ষত আজও শুকায়নি। নায়ক মান্না অভিনীত ‘রাজা নাম্বার ওয়ান’ সিনেমার মাধ্যমে প্রথম প্লেব্যাক করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘আমারই ভাগ্যে তোমারই নাম’ শিরোনামের গানের পর মান্নার সিনেমার বেশ কিছু গানে কণ্ঠ দেন আসিফ। তাই মান্নার প্রতি একধরনের মুগ্ধতাও আছে আসিফের। এবার সেটিই ফুটে উঠবে গানে।

প্রয়াত এ চিত্রনায়কের জন্মদিন আগামী ১৪ এপ্রিল। তার স্মরণে নতুন একটি গান গাইলেন আসিফ আকবর। এর কথা লিখেছেন মান্নার স্ত্রী শেলী কাদের। গতকাল (৫ এপ্রিল) হয়েছে গানটির রেকর্ডিংও।

এর বিভিন্ন লাইনে মান্নার চিত্রনায়ক হওয়ার স্বপ্ন ও রূপালি পর্দায় সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে।

গানের প্রথম কয়েকটি বাক্য এমন- ‘একটি কিশোর ছেলে সারাক্ষণ ভাবতো/ রূপালি তারার দেশে ডানা মেলে ভাসবে/ স্বপ্নের চাবিখানি ইতিউতি খুঁজতো/ স্বপ্নপুরীর দ্বার কবে সে যে খুলবে’। এর সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আসিফ আকবর বলেন, ‘আসছে ১৪ এপ্রিল প্রয়াত চিত্রনায়ক মান্না ভাইয়ের জন্মদিন। প্রিয় মান্না ভাইয়ের স্ত্রী শেলী কাদের ভাবির লেখা গানটির সুর ও সংগীত করেছেন স্নেহের কিশোর দাশ। এটি গাইতে পেরে নিজের কাছে খুব প্রশান্তি লাগছে। মান্না ভাইয়ের আত্মার শান্তি কামনা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *