বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচন করেন রোজিনা। এতে তিনি ১৮৫ ভোট পেয়ে বিজয়ীও হন। তবে সময় দিতে পারবেন না জানিয়ে পদত্যাগের আবেদন করেন তিনি।
সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে মেইলে পদত্যাগের আবেদনপত্র পাঠিয়েছিলেন রোজিনা। তার সেই আবেদন গ্রহণ করে সমিতির কার্যনির্বাহি পদ থেকে রোজিনাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৬ মার্চ শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক।
পদ থেকে অব্যাহতি দিয়ে রোজিনার পরিবর্তে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব নিলেন চিত্রনায়ক রিয়াজ।
বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শপথ গ্রহণ করেন রিয়াজ। তাকে শপথ পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় আরও উপস্থিত ছিলেন নিপুণ, সাইমন সাদিক, শাহনুরসহ আরও কয়েকজন। পরে ইলিয়াস কাঞ্চনের পা ছুঁয়ে সালাম করেন রিয়াজ।
উল্লেখ্য, রিয়াজ সর্বশেষ নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদের হয়ে সহ-সভাপতি পদে নির্বাচন করেছিলেন। সেখানে তিনি পরাজিত হন। অন্যদিকে কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন রোজিনা। এই অভিনেত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন রিয়াজ।
গত ২৬ মার্চ বিকেলে সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। তখন থেকেই অপেক্ষা ছিল রিয়াজের শপথ নেয়ার। অবশেষে আনুষ্ঠানিকভাবেই সমিতির নতুন কমিটিতে জায়গা পেলেন তিনি।
এফডিসিতে সমিতির কার্যালয়ে আজ মিটিং শুরু হয় বিকেল ৪টায়। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ, সাইমন, অমিত হাসান, শাহনূর, আরমান, কেয়া প্রমুখ।
