২৩ বছর পর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার ঘটনায় আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তারের খবরটি গতকাল মঙ্গলবার রাত থেকেই আলোচনায় আসে।
আজ বুধবার সকাল থেকে পরিচিতজনেরা একের পর এক ফোন করতে থাকেন সোহেল চৌধুরী ও দিতি দম্পতির মেয়ে লামিয়া চৌধুরীকে। এভাবে তিনি জানতে পারেন, তাঁর বাবার হত্যাকারী গ্রেপ্তারের খবরটি।
পরিচিতজনদের কাছ থেকে বাবা সোহেল চৌধুরীর হত্যাকারী গ্রেপ্তারের খবর জানতে পারলেও এটি নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নন মেয়ে লামিয়া চৌধুরী।
তিনি বলেন, ‘এত বছর পর আসামি গ্রেপ্তার হয়েছে, দেখলাম। দেখতে চাই কী হয়। আই ক্যানট শেয়ারিং এনিথিং অ্যাট দ্য মোমেন্ট। সরি অ্যাবাউট দ্যাট। কিছুই বলার নাই, দেখছি কী হচ্ছে। অনেক বছর পর আসামি গ্রেপ্তার করছে তারা, দেখি কী হয়।’
কোনো দাবি, কোনো ক্ষোভ আছে কি না জানতে চাইলে বুধবার বিকেলে লামিয়া বলেন, ‘না, এগুলো কিছু নাই। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি।’
প্রয়াত এ নায়ক-নায়িকা দম্পতির ছেলে শাফায়েত চৌধুরী আছেন নিশ্চুপ। এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সোনালি যুগের তারকা দম্পতি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতি। তাদের দুই সন্তান। বড় মেয়ে লামিয়া চৌধুরী। তার ছোট পুত্র শাফায়েত চৌধুরী। মেয়ে ঢাকায় থাকেন। শাফায়েত নেদারল্যান্ডসের রিয়ারসন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে সেখানে বসবাস করছেন। সেখানেই করেছেন বিয়ে।
