মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে গ্যাসের সিলিন্ডার ফেটে ১৩টি ঘর পুড়ে ছাই হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর গ্রামের আলম খানের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বরে পরিবার দাবি করেছেন। তবে এ অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরিবার জানায়, বিকেলে ভাড়াটিয়া সুমাইয়া রান্না শুরু করেন। হঠাৎ সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় ওই রান্না ঘরে। মুহূর্তের মধ্যেই পাশের আরো ১৩টি রুমে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট এসে আগুন নেভানোর কাজ চালায়। টানা দেড় ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘরের মালিক আলম খান বলেন, সিলিন্ডার বিস্ফোরণের পর দ্রুত ১৩টি কক্ষে আগুন লেগে যায়। এতে দুই ভাড়াটিয়ার নগদ লক্ষাধিক টাকাসহ ১৩টি কক্ষের ভাড়াটিয়াদের টিভি, ফ্রিজসহ সকল আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিস পুঁড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে দুই ইউনিট দেড় ঘন্টা কাজ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কেউ হতাহত হয়নি। সিলিন্ডারের পাইপে লিকেজ ও রান্নাঘরের চুলায় লুস কালেকশন থাকার কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবার যদি আবেদন করে সে প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে ক্ষতির পরিমাণ বের করা সম্ভব হবে।
