অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো

রোজার মধ্যে স্কুল-কলেজে ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক্লাস চলবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল ২০২২ পর্যন্ত খোলা থাকবে। শুধু রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।’

এর আগে ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে নির্দেশনা জারি করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তার পরিপ্রেক্ষিতে দেশের সবে মাধ্যমিক স্কুল ও কলেজে ক্লাস নেওয়া হচ্ছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এক সভায় সেটি পরিবর্তন করে ক্লাস কমিয়ে রোজা ও ঈদের ছুটি বাড়ানো হয়েছে।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানো হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম। তিনি সোমবার বলেন, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে পড়েছে। তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। যে যাই বলুক, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।

তিনি বলেন, বড় ধরনের মহামারি ছাড়া আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চাই না। গুটিকয়েক মানুষের দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। এতে কারও কোনো সমস্যা হলো সেটি আমাদের দেখার বিষয় নয়। ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিত ক্লাস চালিয়ে যেতে অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *