কপালে ‘লাল টিপ’ দিয়ে নায়ক সাইমনের প্রতিবাদ

‘টিপ পরা’ নিয়ে উত্ত্যক্তের শিকার হয়েছেন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।

ওই কলেজ শিক্ষিকার অভিযোগ- রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে হেঁটে কলেজে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। মধ্যবয়সী ওই ব্যক্তির পরনে পুলিশের পোশাক।

ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে কলেজ শিক্ষিকার পায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে চলে যান অভিযুক্ত ব্যক্তি। এ ঘটনায় উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। সচেতন মহলের নাগরিকরা তাদের অবস্থান থেকে জানাচ্ছেন প্রতিবাদ।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় রোববার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সাইমন সাদিক জানিয়েছেন অভিনব প্রতিবাদ। তিনি নিজের কপালে টিপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন।

সেই পোস্টে তিনি শুধু  লিখেছেন ‘প্রতিবাদ’। তার সেই পোস্টে জমা পড়েছে নেটজনতার প্রশংসাসূচক বাক্য। বেশির ভাগ নেটাগরিক তার এই প্রতিবাদকে সম্মতি জানিয়েছেন। পাশাপাশি সাধুবাদ দিয়েছেন। তবে তার এমন ছবি দেখে কেউ কেউ আবার সমালোচনাও করেছেন।

এদিকে টিপ পরায় নারীকে ইভটিজিং করার প্রতিবাদ সংসদেও হয়। এ নিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবি তুলেছেন।

তিনি প্রশ্ন রাখেন, ‘বাংলাদেশের কোন সংবিধানে, কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পরতে পারবে না। এখানে হিন্দু-মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এমনকি সে বিবাহিত না বিধবা সেটা বিষয় নয়…’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *