অভিনয়কে ছাপিয়ে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে হরহামেশাই থাকেন সংবাদের শিরোনামে। অভিনেত্রী তার তিন নম্বর বিয়ের ইতি টেনেছেন।
রোশানের থেকে আলাদা হয়েছেন শ্রাবন্তী। চলছে ডিভোর্সের মামলা। সেই নিয়ে কানাঘুষার শেষ নেই। অন্যদিকে ব্যবসায়ী অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর প্রেম সম্পর্ক নিয়েও ফিসফিসানি জারি রয়েছে।
সম্প্রতি এই অভিনেত্রীর এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি অবশ্য সাম্প্রতিক নয় পুরোনো। সেই ভিডিওতে ছেলের প্রেম নিয়ে কথা বলতে শোনা গিয়েছে নায়িকাকে
শ্রাবন্তীর ভাইরাল ভিডিওটা হলো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চের। সেখানেই রচনা সরাসরি শ্রাবন্তীর কাছে প্রশ্ন রাখেন তার ছেলেকে নিয়ে। হাসিমুখী অভিনেত্রীর জবাব: ‘ওর আমার বয়সের পার্থক্য খুব কম, মাত্র ১৬-১৭ বছর। এখন ও আমার অভিভাবক হয়ে গেছে।’
রচনা পাল্টা বলেন, ‘এখন তো ছেলের প্রেম করার বয়স।’ নায়িকা হাসতে হাসতে বলেন, ‘একদম… প্রচুর আসছে-যাচ্ছে। আমি তো ওর সব বান্ধবীর সঙ্গে কথা বলি, সবার সঙ্গে আমি একদম বন্ধু। সবাইকে নিয়ে খেতেও যাই।’
ভবিষ্যতে কেমন শাশুড়ি হবেন এই টালিউড সুন্দরী, সে কথাও জানতে চান রচনা। শুনেই অভিনেত্রীর অকপট জবাব: ‘একদম মাই ডিয়ার, একদম বিন্দাস।’
শ্রাবন্তীর একমাত্র ছেলে অভিমন্যু (ঝিনুক) চুটিয়ে প্রেম করছে মডেল দামিনী ঘোষের সঙ্গে। শ্রাবন্তীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক দামিনীর। সামাজিক যোগাযোগমাধ্যমে হবু বউমার সঙ্গে হরহামেশাই ছবি শেয়ার করেন শ্রাবন্তী। মাস কয়েক আগে ছেলে ও তার প্রেমিকার সঙ্গে মালদ্বীপও ঘুরে এসেছেন শ্রাবন্তী। শোনা যায়, সেই ট্রিপে নাকি শ্রাবন্তীর নতুন প্রেমিক অভিরূপও সঙ্গে ছিল।
প্রসঙ্গত, ২০০৩ সালে শ্রাবন্তী চ্যাটার্জি প্রথম বিয়ে করেছিলেন নির্মাতা রাজীব বিশ্বাসকে। সেই ঘরের সন্তান অভিমন্যু। এরপর ২০১৬ সালে রাজীবের সঙ্গে তার বিচ্ছেদ হয়। একই বছর বিয়ে করেন মডেল কৃষাণ বিরাজকে। বছর না গড়াতে ভেঙে যায় সেই সংসারও। ২০১৯ সালে শ্রাবন্তী বিয়ে করেন রোশান সিংকে। গেল বছরের শেষ দিকে এই সম্পর্কেও বিচ্ছেদ চেয়ে চলে আসেন তিনি। এখন সেই বিচ্ছেদ মামলা চলমান রয়েছে। আর শ্রাবন্তী প্রেম করছেন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে।
