৯৫ বছর ধরে অবিরতভাবে কোরআন তেলাওয়াত চলছে টাঙ্গাইলের একটি মসজিদে। ব্যাপারটি বিস্ময়কর হলেও সত্য ও বাস্তব।
টাঙ্গাইলের ধনবাড়ীর এ মসজিদে ১৯২৭ সাল থেকে একটানা ২৪ ঘণ্টা কোরআন তেলাওয়াত চলছে নিয়মতান্ত্রিকভাবে। নামাজের সময় ছাড়া এক মিনিটের জন্যও বন্ধ হয়নি তেলাওয়াত।
কর্তৃপক্ষের নিযুক্ত পাঁচজন হাফেজ প্রতি দুই ঘণ্টা পরপর এই মসজিদে ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত করে থাকেন।
ধনবাড়ীর বিস্ময়-জাগানিয়া এ মসজিদের নাম “নওয়াব শাহী জামে মসজিদ”। সেলজুক তুর্কি বংশের ইসপিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নামে দুই ভাই ষোড়শ শতাব্দীতে এক কক্ষের এই মসজিদটি নির্মাণ করেন।
১৩৫ বছর আগে ধনবাড়ীর জমিদার নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদটির সম্প্রসারণ করেন। নওয়াব আলী চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রী।
মসজিদটির ইমামের দায়িত্বে আছেন হাফেজ মাওলানা ইদ্রিস হুসাইন। বর্তমানে কোরআন তিলাওয়াত ও খতিবের দায়িত্বে রয়েছেন পাঁচ জন।
তারা হলেন— হাফেজ মো. কামরুজ্জামান, হাফেজ আব্দুল ওয়ারেজ, হাফেজ আব্দুস সামাদ, হাফেজ মো. হেদায়েত ও হাফেজ আবু হানিফ।
মসজিদের খতিব হাফেজ মো. কামরুজ্জামান বলেন, ‘১৯২৭ সালে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী এ মসজিদে সার্বক্ষণিক কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করেন। ১৯২৯ সালে তিনি মারা গেলেও চলমান রয়েছে তিলাওয়াত।’
তিনি আরও বলেন, ‘এখন আমরা পাঁচ জন হাফেজ দায়িত্বে আছি। নামাজের সময় ছাড়া এক মিনিটের জন্যও বন্ধ হয় না কোরআন তিলাওয়াত। টানা প্রায় ৯৫ বছর ধরে চলছে।’
