দেশের ছয় বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ছাড়িয়ে যেতে পারে ৪০ কিলোমিটার পর্যন্ত। আশঙ্কা রয়েছে বজ্রপাতের। তবে, সাগরে আপাতত কোনো সর্তকতার কথা বলেনি আবহাওয়া কর্তৃপক্ষ।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চিট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ী বৃষ্টিপাত হতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর জানায়, ছয় জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ময়মনসিংহের নেত্রকোনায় ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না।
ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিকভাবে মেঘলা থাকতে পারে। রাজধানীতে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে।





