Home ফিচার দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরু

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরু

0
166

দেশের আকাশে শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে রোববার (৩ এপ্রিল)।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। কিছুক্ষণের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার সংবাদ আনুষ্ঠানিকভাবে জানাবে।

সূত্র জানিয়েছে, বাংলাদেশের আকাশে সন্ধ্যায় চাঁদ দেখতে পেয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা গেছে শরীয়তপুর ও যশোরে। রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।

ফলে আগামী ২৬ রমজান অর্থাৎ ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

এদিকে আজ রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস।

এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যে কোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত।

ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহতায়ালা ৭০ গুণ বাড়িয়ে দেন। রমজান শেষেই দেখা মিলবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here