কান-নাক ফোঁড়ানো বা ছিদ্র করেন না, এমন বাঙালি নারী খুব কমই আছেন। কখনো কখনো তা পারিবারিক আনুষ্ঠানিকতায়ও রূপ নেয়। যুক্ত হয় আনন্দ-উৎসব। সাধারণত নাক-কান ফোঁড়ানোর রেওয়াজটা শিশু বয়সেই দেখা যায়, তবে বেশি বয়সেও অনেকে তা করে থাকেন।
ঢাকাই ছবির চিত্রনায়িকা পূজা চেরি সম্প্রতি নাক ফোঁড়ালেন। নাক ফোঁড়ানোর সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে ভক্ত অনুরাগীদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ারও করলেন তিনি।
ঢাকাই ছবির অন্যতম কনিষ্ঠ এ নায়িকার বয়স সবে একুশের ঘরে। হুট করে নাক ফোঁড়ানোর কারণ কী? কথায় কথায় জানালেন সে কথা।
বললেন, নাকফুল নামে একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করবেন তিনি। আগামীকাল থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হবে এটির শুটিং। যেহেতু নাকফুল নিয়েই এর গল্প। তাই নাক ফোঁড়ানো।
নাকফুল হবে রোমান্টিক ট্র্যাজেডি গল্পের ছবি। চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের প্রেমের গল্প। গল্পের টুইস্ট বাড়াতে বিয়ের দৃশ্যও থাকছে। যেখানে রয়েছে নাকফুল নিয়ে চমৎকার ঘটনা। তাই গল্পকে বিশ্বাসযোগ্য করতেই পূজার এই আয়োজন।
নাক ফোঁড়ানো অভিজ্ঞতা জানিয়ে পূজা বললেন, ‘প্রথমে ভয় লেগেছিল। এখন তো ভালোই লাগছে। দেখতেও সুন্দর লাগছে।’
জানা গেছে, শ্রীমঙ্গলে একটানা ২০ দিন থাকবে শুটিং ইউনিট। গল্পের প্রয়োজনে সেখানে পূজাকে বিয়ের পিঁড়িতেও বসতে হবে বলে জানা গেছে। আলোক হাসানের পরিচালনায় এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন আজাদ এবং পূজা। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘নাকফুল’ হতে যাচ্ছে নির্মাতার প্রথম চলচ্চিত্র।
আলোক হাসান বলেন, ‘প্রি-প্রোডাকশনে যেভাবে আমার টিমকে চেয়েছি সেভাবে প্রত্যেকে সহযোগিতা করেছেন। সিনেমাটি যে ভালো করতে পারবো ইতোমধ্যে সেই আত্মবিশ্বাস অর্জন করতে পেরেছি। আমরা সবাই কাজটির জন্য উচ্ছ্বসিত।’
পরিচালক আরো বলেন, এটি হবে রোমান্টিক ট্র্যাজেডি গল্পের ছবি। চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের প্রেমের গল্প। গল্পের টুইস্ট বাড়াবে তাদের বিয়ে। এই টুইস্ট হবে দর্শকের জন্য নতুন স্বাদের। গল্পের শুরুটা দেখে শেষটা কেউ আন্দাজ করতে পারবে না যে কি হতে পারে!
ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌ প্রমুখ। ছবিটি সিনেমা হলে মুক্তি দেয়ার জন্য নির্মিত হবে জানালেন আলোক হাসান।
