জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পৌনে দুই কোটি টাকা ব্যয়ে তুরস্কের নকশায় দৃষ্টিনন্দন একটি মসজিদ নির্মাণ করছেন।
শুক্রবার (০১ এপ্রিল) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক ইলিয়াস কাঞ্চন। মসজিদটি নিজের মায়ের নামে ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’ রেখেছেন রোজিনা। রোজিনার এমন মহৎ কাজ দেখে বিস্মিত ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘রোজিনার এমন মহৎ কাজ দেখে আমি বিস্মিত হয়েছি। তিনি তার মায়ের নামে এমন সুন্দর একটি মসজিদ করেছেন! মুসলমান হয়েই আমাদের মরতে হবে। আখেরাতের জন্য আমরা কী করে গেলাম সবারই ভাবা দরকার। সে জায়গা থেকে রোজিনা সত্যি খুব মহৎ কাজ করেছেন।’
একত্রে অনেকগুলো সিনেমায় কাজ করেছেন দুজন।
এদিকে জানা গেছে, যে জমির ওপর এ ইবাদতের ঘর নির্মিত, তা তার মাকে দেন নানা। মায়ের সূত্র ধরে তিনি জমির মালিক হন। খুব শিগগিরই একই এলাকায় একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে রোজিনার। সবার সহযোগিতা পেলে কাজ শুরু করবেন তিনি।
