দেড় দশকের বেশি সময় ধরে ভারতের দক্ষিণী সিনেমায় রাজত্ব করছেন অভিনেত্রী নয়নতারা। দক্ষিণের তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়-সব ইন্ডাস্ট্রির সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আইরা, কোলামাভু কোকিলা, কোলাইয়ুথির কালাম-এর মতো বেশ কিছু নারী প্রধান সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রূপালি পর্দায় ঝড় তুলেছেন হার্টথ্রব নয়নতারা। কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা আর প্রশংসা।
গত বছরের মাঝামাঝি জানা যায় পরিচালক অ্যাটলি কুমারের হাত ধরে নাকি বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণী সিনেমার নারী সুপারস্টার খ্যাত এই অভিনেত্রী। আর তার বিপরীতে থাকছেন বলিউড কিং শাহরুখ খান।
এরপর একবার শোনা গিয়েছিল এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন নয়নতারা। তবে এবার জানা যাচ্ছে চলতি মাসেই শাহরুখের সঙ্গে এই সিনেমার শুটিং শুরু করছেন তিনি।
পাঠান সিনেমার কাজ সেরে স্পেন থেকে সদ্যই মুম্বাই ফিরেছেন শাহরুখ। এবার শোনা যাচ্ছে অ্যাটলির সিনেমায় কাজ শুরু করবেন তিনি।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই এই সিনেমার শুটিং করবেন শাহরুখ, আর এতে তার সঙ্গে যোগ দিবেন নয়নতারা। মুম্বাইয়ে ১০ দিনের শুটিং শিডিউল রয়েছে।
গত বছর এই সিনেমার ঘোষণা করেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। তবে সিনেমাটির নাম জানাননি তিনি। তবে এটি কোনো রিমেক নয়, অরিজিনাল গল্পে তৈরি এই সিনেমার চিত্রনাট্য। শাহরুখের মান্নাতে গিয়ে কিং খানকে ছবির চিত্রনাট্য শুনিয়েছিলেন অ্যাটলি। ছবির বাজেট নাকি ২০০ কোটির কাছাকাছি। শোনা যাচ্ছে, ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। বাবা ও ছেলের চরিত্রে দেখা যেতে পারে বলিউড সুপারস্টারকে।
এদিকে এই ছবির শুটিংয়ের ফাঁকেই রাজকুমার হিরানির ছবিরও শুটিং করে ফেলবেন কিং খান। ১৬ এপ্রিল থেকে সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। ছবিতে একটি অতিথি চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকেও।
শোনা যাচ্ছে, নারী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারেন তাপসী পান্নু। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য এখনো জানা যায়নি।
ছেলে আরিয়ান খানের মা.দককাণ্ডে সব কাজ স্থগিত করে রেখেছিলেন শাহরুখ খান। অবশেষে ছেলে জেল থেকে ছাড়া পেলেই শান্ত হয়েছেন কিং খান। ধীরে ধীরে নিজের কাজের দিকে মনোযোগ দিয়েছেন। ‘পাঠান’–এর শুটিং করে এলেন স্পেনে। এখন করবেন অ্যাটলির ও রাজু হিরানির সিনেমার কাজ।
