রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ডকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া টিপুকে অনুসরণকারী তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনো জানায়নি র্যাব।
শুক্রবার (১ এপ্রিল) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ডসহ টিপুকে অনুসরণকারী চারজনকে গ্রেফতার করা হয়েছে।’
এ বিষয়ে শনিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
নতুন করে চার জনকে গ্রেপ্তার করায় মামলাটিতে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।
২৬ মার্চ রাতে বগুড়া থেকে শ্যুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেপ্তার করে ডিবি। ২৮ মার্চ তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে মাসুম রিমান্ডে রয়েছেন।
এ ছাড়া ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার অস্ত্রসহ আরফান উল্লাহ দামাল নামের একজনকে গ্রেপ্তারের কথা জানায় ডিবি পুলিশ। তাকে শুক্রবারই এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় পরের দিন টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।





