Home বিনোদন বুবলী খুব আন্তরিক: রাজ

বুবলী খুব আন্তরিক: রাজ

0
260

বড়পর্দায় দেখা যাবে নতুন রসায়ন। প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলী ও শরিফুল রাজ। ‘দেয়ালের দেশ’ নামে একটি ছবির মাধ্যমে তারা একসঙ্গে অভিনয় করছেন।

জানা গেছে, বুবলী ও শরিফুল রাজ ইতোমধ্যে একসঙ্গে শুটিং শুরু করেছেন। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি পরিচালনা করছেন মিশুক মনি নামে নবীন এক নির্মাতা। যিনি এর আগে নাটক ও টিভিসি বানিয়েছেন।

শুক্রবার দুপুরে ‘দেয়ালের দেশ’ ছবি সংশ্লিষ্ট শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ শুরুতে মুখ খোলেননি। তবে যখন শরীফুল রাজের সঙ্গে যোগাযোগ করা হয়, তখন অনেকটা অবাকই হয়ে পাল্টা প্রশ্নে এই প্রতিবেদকের কাছে জানতে চান, কীভাবে শুটিংয়ের খবর পেলেন?

ছবিটির বিষয়ে বলতে না চাইলেও বুবলীর সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের কথা স্বীকার করেছেন রাজ। বলেন, ‘পরিচালকের ইচ্ছা, শুটিং শেষ করে সবাইকে ছবিটির খবর দেওয়া। আমরা শিল্পীরাও সেভাবেই কাজ করছি।’

বুবলীর সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতার ব্যাপারে এ অভিনেতা বলেন, ‘কাজের ব্যাপারে খুব আন্তরিক মনে হয়েছে বুবলীকে। শান্ত মাথায় কাজ করেন। সহশিল্পীর সঙ্গে বোঝাপড়া করেই কাজ করেন। গত এক সপ্তাহে কাজ করতে এসে সেটাই দেখলাম। দৃশ্য ধারণের আগে আগে দুজন মিলেমিশে সংলাপ নিয়ে আলাপ–আলোচনা করে শট দিচ্ছি। ভালোই হচ্ছে কাজটি।’

তবে দুজনের চরিত্র বেশ জটিল, জানালেন রাজ। বলেন, ‘আমাদের দেশের সিনেমার প্রেক্ষাপটে এ ধরনের চরিত্র করা বেশ কঠিন কাজ। তেমন চরিত্রেই আমি আর বুবলী অভিনয় করছি।’

পরিচালক মিশুক মনির কথা, সিনেমা বানানোর আগে পরিচালক হতে চান না। সিনেমা বানানোর পরই পরিচালক হিসেবে তাঁর নামটি সবাই জানুক। এ জন্য অনেকটা গোপনেই শুটিং শুরু করছেন তিনি। বলেন, ‘শুটিং–সংশ্লিষ্ট ছাড়া বাইরের কারও সঙ্গে শেয়ার করিনি। কাজ শেষ হলে একটা সময় গিয়ে সবাইকে বলতে চেয়েছিলাম।’

২০১৬ সালে শাকিব খানের ‘বসগিরি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন বুবলী। পরে শাকিবের সঙ্গে একের পর এক ছবি করে আলোচিত হন তিনি। বুবলী বর্তমানে নিরব, রোশান, সিয়াম, সাইমন, আদরের বিপরীতে সমানতালে ছবি করছেন।

সেই ধারাবাহিকতায় বুবলীর নায়কদের কাতারে এবার যুক্ত হলেন পরীমনির সঙ্গে বিয়ে করে আলোচনায় আসা শরিফুল রাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here