বুবলীকে নিয়ে গোপনে শুটিং করছেন শরিফুল রাজ

বড়পর্দায় দেখা যাবে নতুন রসায়ন। প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলী ও শরিফুল রাজ। ‘দেয়ালের দেশ’ নামে একটি ছবির মাধ্যমে তারা একসঙ্গে অভিনয় করছেন।

জানা গেছে, বুবলী ও শরিফুল রাজ ২৪ মার্চ থেকে একসঙ্গে শুটিং শুরু করেছেন। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি পরিচালনা করছেন মিশুক মনি নামে নবীন এক নির্মাতা। অনেকটা গোপনেই শুটিং চলছে ছবিটির। তাই গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথাও বলতে চাননি ছবির শিল্পী ও কলাকুশলীরা।

জুটি বেঁধে অভিনয়ের ব্যাপারে যখন শরীফুল রাজের সঙ্গে যোগাযোগ করা হয়, তখন অনেকটা অবাকই হয়ে পাল্টা প্রশ্নে এই প্রতিবেদকের কাছে জানতে চান, কীভাবে শুটিংয়ের খবর পেলেন? ছবিটির বিষয়ে বলতে না চাইলেও বুবলীর সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের কথা স্বীকার করেছেন রাজ।

বলেন, ‘পরিচালকের ইচ্ছা, শুটিং শেষ করে সবাইকে ছবিটির খবর দেওয়া। আমরা শিল্পীরাও সেভাবেই কাজ করছি।’

বুবলীর সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতার ব্যাপারে এ অভিনেতা বলেন, ‘কাজের ব্যাপারে খুব আন্তরিক মনে হয়েছে বুবলীকে। শান্ত মাথায় কাজ করেন। সহশিল্পীর সঙ্গে বোঝাপড়া করেই কাজ করেন। গত এক সপ্তাহে কাজ করতে এসে সেটাই দেখলাম। দৃশ্য ধারণের আগে আগে দুজন মিলেমিশে সংলাপ নিয়ে আলাপ–আলোচনা করে শট দিচ্ছি। ভালোই হচ্ছে কাজটি।’

তবে দুজনের চরিত্র বেশ জটিল, জানালেন রাজ। বলেন, ‘আমাদের দেশের সিনেমার প্রেক্ষাপটে এ ধরনের চরিত্র করা বেশ কঠিন কাজ। তেমন চরিত্রেই আমি আর বুবলী অভিনয় করছি।’

র‍্যাম্প মডেল দিয়ে ক্যারিয়ার শুরু করা শরিফুল রাজ গেল বছর আলোচনায় আসেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে কাজ করে। তাঁর প্রথম সিনেমা ‘আইসক্রিম’। কাজ করেছেন ‘ন ডরাই’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘রক্তজবা’ ও ‘দামাল’ এই চার সিনেমা।

সিনেমার বাইরেও ওয়েব সিরিজ ও ফিল্মে নিয়মিত মুখ শরিফুল রাজ। মুক্তি পেয়েছে ‘মাইনকার চিপায়’, ‘ইনফিনিটি’, ‘বিলাপ’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘গুণিন’।

অন্যদিকে ২০১৬ সালে শাকিব খানের ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে আসেন বুবলী। পরে শাকিবের সঙ্গে একের পর এক ছবি করে আলোচিত হন তিনি। বুবলী বর্তমানে নিরব, রোশান, সিয়াম, সাইমন, আদরের বিপরীতে সমানতালে ছবি করছেন।

সেই ধারাবাহিকতায় বুবলীর নায়কদের কাতারে এবার যুক্ত হলেন পরীমনির সঙ্গে বিয়ে করে আলোচনায় আসা শরিফুল রাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *